পাওয়ার প্লে'র শেষ ওভারে প্রথমবার নাহিদ রানার হাতে বল তুলে দেন বাবর আজম। তবে ফাইনালে নিজের প্রথম ওভারে ভালো করতে পারেননি বাংলাদেশের তারকা পেসার। একটি করে ছক্কা ও চারে ১৩ রান খরচা করেন তিনি।
তবে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদ। ডানহাতি পেসারের গতিময় ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার রানের খাতা খুলতে পারেননি। ডানহাতি এই পেসারের ওভারের পঞ্চম বলে রান আউট হন কুশল পেরেরা। অর্থাৎ নাহিদের এক ওভারে দুই উইকেট হারায় হায়দরাবাদ। দ্বিতীয় ওভারে ৬ রান দেন তিনি।
নিজের করা তৃতীয় ওভারে মাত্র এক রান খরচ করেন নাহিদ, সেটাও লেগ বাই থেকে। এই ওভারে তিনি ফেরান হুনাইন শাহকে। অর্থাৎ এই ওভারে উইকেট মেডেন আদায় করেন তিনি। নাহিদের মিডল এবং লেগ স্টাম্পের মাঝে তাক করা ইয়র্কারে ফ্লিক করতে চেয়েছিলেন হুনাইন। যদিও ১৪৮ কিমি গতিবেগের বলে কোনো সুবিধা করতে পারেননি তিনি। কিছু বুঝে ওঠার আগেই ফিরে যান ১২ বলে ৯ রান করা হুনাইন।
নিজের শেষ ওভারে মাত্র চার রান খরচ করেন নাহিদ। সবমিলিয়ে পিএসএল ফাইনালে চার ওভারে ২২ রান খরচা করেন তিনি। একটি মেডেনসহ দুটি উইকেটও নেন এই পেসার। তার চাইতেও রঙিন ছিল অ্যারন হার্ডির পারফরম্যান্স। চার ওভারে ২৭ রান খরচায় চার উইকেট নেন এই অলরাউন্ডার।
হায়দরাবাদের হয়ে এই ম্যাচে ৫০ বলে ৫৪ রান করেন সাইম আইয়ুব। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। এ ছাড়া মার্নাস ল্যাবুশেন করেন ১২ বলে ২০ রান। শেষদিকে হাসান খান করেন সাত বলে ১২ রান।