নাহিদ-বাবরদের ফাইনাল দেখতে স্যামিকে আমন্ত্রণ

পিএসএল
ড্যারেন স্যামি (বামে) ও নাহিদ রানা (ডানে), ফাইল ছবি
ড্যারেন স্যামি (বামে) ও নাহিদ রানা (ডানে), ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে ২০২১ সালের পর প্রথমবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ অথবা হায়দরাবাদ কিংসম্যান। নাহিদ রানা-বাবর আজমদের ফাইনাল দেখতে ড্যারেন স্যামিকে আমন্ত্রণ জানিয়েছেন জাভেদ আফ্রিদি।

পেশোয়ারের সঙ্গে স্যামির সম্পর্কটা বেশ পুরনো। পিএসএলের প্রথম আসরেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। পরবর্তীতে আরও চারটি মৌসুম খেলেছেন তিনি। পিএসএলে পেশোয়ারের বাইরে খেলার অভিজ্ঞতা নেই স্যামির। ৫ মৌসুমে ৪৯ ম্যাচে ৬৯১ রান করার পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট।

অবসর নেওয়ার পর পেশোয়ারের কোচের দায়িত্বেও ছিলেন স্যামি। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক পেশোয়ারের সঙ্গে মিশে আছেন প্রথম শিরোপার জন্য। ২০১৭ পিএসএলে স্যামির নেতৃত্বে প্রথমবারের মতো পাকিস্তান লিগের ট্রফি উঁচিয়ে ধরে পেশোয়ার। পরবর্তীতে আরও তিনবার ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ফ্র্যাঞ্চাইজিটির।

আগামী ৩ মে অবশ্য সেই খরা কাটানোর সুযোগ থাকছে। কুশল মেন্ডিস, বাবরদের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। টুর্নামেন্টের ফাইনালের আগে নিজেদের প্রথম শিরোপাজয়ী অধিনায়ককে মাঠে দেখার আগ্রহ প্রকাশ করে পেশোয়ারের সমর্থকরা। তাদের ডাকে সাড়াও দিয়েছেন জাভেদ আফ্রিদি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে পোস্ট করে স্যামিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার। জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘ভাই, আমরা তোমাকে জালমির (সমর্থকদের অনুরোধে) ফাইনাল দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’ সেখানে স্যামিকে ট্যাগও করেছেন তিনি।

যদিও এখনো পর্যন্ত স্যামির কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে পিএসএলের চলতি আসরে পেশোয়ারের হয়ে খেলছেন নাহিদ। বাংলাদেশের তারকা পেসার ৪ ম্যাচে ওভারপ্রতি ৫.৪২ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফেরেন তিনি।

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলের বাকি অংশ খেলার জন্য তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত পাকিস্তান সিরিজের আগে ডানহাতি পেসারকে বিশ্রামে রাখতেই এমন সিদ্ধান্ত নেয় তারা। তবে জাভেদ আফ্রিদির অনুরোধে নাহিদকে পিএসএলের ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। ম্যাচটি খেলতে পাকিস্তানে পৌঁছেও গেছেন তিনি।

আরো পড়ুন: