প্রথমবার প্রধান কোচের দায়িত্বে হোপস, দায়িত্ব নিচ্ছেন তিনবারের চ্যাম্পিয়নদের

বিগ ব্যাশ
জেমস হোপস
জেমস হোপস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নতুন কোচ নিয়োগ দিয়েছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। দলটির দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপস। দুই বছরের চুক্তিতে দলটির দায়িত্ব নিতে চলেছেন অভিজ্ঞ এই কোচ। এই বিষয়টি সিডনি সিক্সার্স নিশ্চিত করেছেন ৪ মে।

৪৭ বছর বয়সী হোপসের জন্য এটি হবে প্রথম প্রধান কোচের দায়িত্ব। এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হোপস। তবে তিনি মূলত বোলিং কোচ হিসেবেই বেশি প্রসিদ্ধ। বর্তমানে আইপিএলে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার তিনি দায়িত্ব নেবেন বিগ ব্যাশের ইতিহাসের অন্যতম সফল একটি দলের। সিক্সার্স তিনবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবং সর্বশেষ আসরসহ একাধিকবার রানার্সআপ হয়েছে তারা। সেই আসরের পরই প্রধান কোচ গ্রেগ শিপার্ডকে বিদায় জানায় দলটি।

সিক্সার্সের দায়িত্ব পেয়ে হোপস বলেন, ‘সিডনি সিক্সার্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ সম্মানিত। এই ক্লাবের রয়েছে গর্ব করার মতো ইতিহাস এবং ধারাবাহিকতা, প্রতিদ্বন্দ্বিতা ও সমর্থকদের সঙ্গে গভীর সংযোগের ওপর গড়ে ওঠা একটি শক্ত পরিচয়। প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত এবং বিগ ব্যাশ লিগে সিক্সার্সের পরবর্তী সাফল্যের অধ্যায়ে অবদান রাখতে চাই।’

অস্ট্রেলিয়ার হয়ে জেমস হোপস ৮৪টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ২০১০ সালে। এরপর কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালস, ব্রিসবেন হিট, হোবার্ট হারিকেন্স এবং কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার মতো ঘরোয়া দলের কোচিং সেটআপের অংশ ছিলেন।

আরো পড়ুন: