জানা গেছে, খেলোয়াড় ও সহায়ক সদস্যদের জন্য নির্ধারিত আচরণবিধির প্রথম স্তরের একটি ধারা ভঙ্গ করেছেন জ্যোতি। এই ধারাটি মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের উপকরণের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ের সময়। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে ফেলেন জ্যোতি। এরপর বিষয়টি ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নজরে আসে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এ ঘটনায় শাস্তি হিসেবে নিগারের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ হওয়ায় আপাতত আনুষ্ঠানিক তিরস্কারেই সীমাবদ্ধ রাখা হয়েছে শাস্তি।
ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের সদস্য সুপ্রিয়া রানি দাস প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন নিগার। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই অভিযোগটি আনেন।
আচরণবিধির প্রথম স্তরের অপরাধে সাধারণত আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফি’র একটি অংশ জরিমানা করা হতে পারে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে সংশ্লিষ্ট খেলোয়াড়ের রেকর্ডে।
নির্ধারিত সময়ের মধ্যে এই ধরনের পয়েন্ট চার বা তার বেশি হলে তা নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হয়। তখন খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ হোয়াইটওয়াশ হয় ৩-০ তে। এর আগে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে তারা।