আমি আরও ভালো ব্যাটিং করতে পারি: মিরাজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
সিরিজ জয়ের ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
সিরিজ জয়ের ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। পঞ্চম অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েছেন তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াতে পারছেন না এই অলরাউন্ডার। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও মিরাজ সিরিজ জুড়ে গড়পড়তা পারফরম্যান্স করেছেন।

৩ ম্যাচে ১৮ গড়ে করেছেন ৩৬ রান। স্ট্রাইক রেট ৬৩। এর মধ্যে সিরিজের শেষ ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২২ রানের ইনিংস। বল হাতে শেষ ম্যাচে দুটি ও প্রথম ম্যাচে কেবল একটি উইকেট পেয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্স নিয়ে নিজেও সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক।

এর চেয়ে ভালো ব্যাটিংয়ের সামর্থ্য রয়েছে তার। সেই সক্ষমতার প্রমাণ দেবেন সামনেই। ব্যাটিংয়ে কিছুটা হতাশা থাকলেও বোলিং নিয়ে তুলনামূলকভাবে সন্তুষ্ট মিরাজ। ঠিক জায়গায় বল করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করছেন তিনি। আগের ম্যাচগুলোতে মাঝের ওভারগুলোতে বোলিং করলেও শেষ ম্যাচে ডেথ ওভারেও উইকেট নিয়েছেন মিরাজ।

মিরাজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আমার প্রত্যাশা অনুযায়ী (পারফর্ম) করতে পারিনি। আমি একটা জিনিস নিয়ে একটু উদ্বিগ্ন ছিলাম, আমার বোলিং নিয়ে। গত তিনটা সিরিজে আমার কাছে মনে হয় যেভাবে বোলিং করতে চাচ্ছি আমি সেভাবে করতে পেরেছি।'

নিজের বোলিংয়ে উন্নতির পেছনে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের অবদানও তুলে ধরেন মিরাজ। তিনি বলেন, 'অবশ্যই কৃতিত্ব দিতে হবে আমাদের স্পিন কোচ মুশতাক আহমেদকে। তিনি আমাকে কাছ থেকে বোলিং করিয়েছেন। যখনই একটু আত্মবিশ্বাসী ছিলাম না তখনই আমাকে বুস্টআপ করেছেন।'

তিনি আরও বলেন, 'প্রত্যেকটা সেশনে আমাকে বোলিং করিয়েছেন। অনুশীলনটা এত ভালো করছিলাম যেটায় আমার আত্মবিশ্বাস এসেছে। হয়ত অনেক উইকেট পাইনি কিন্তু একটা জায়গা মেইনটেইন করে বল করার চেষ্টা করেছি এবং প্রতিপক্ষকে এক সাইড থেকে চাপ দেওয়ার চেষ্টা করেছি। আমি অনেক খুশি আমার বোলিং নিয়ে।'

নিজের ব্যাটিং নিয়ে মিরাজের ভাষ্য, ' ব্যাটিংয়ের কথা যেটা বললেন, হ্যাঁ ব্যাটিংয়ে আমি একটু স্ট্রাগল করেছি। কিন্তু আমি বিশ্বাস করি আমি আরও ভালো ব্যাটিং করতে পারি। আমার সেই সামর্থ্য আছে।'

আরো পড়ুন: