জিসান-আকবরদের নিয়ে ভাববেন নির্বাচকরা, আশা আশরাফুলের

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ আশরাফুল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তবে এই সময়টা বসে সময় পার করতে হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। তাদের ব্যস্ত রাখতে বিসিবি আয়োজন করেছিল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। এরপর বিসিএল ওয়ানডে সংস্করণ নিয়ে হাজির হয়ে বিসিবি।

এই টুর্নামেন্টে খেলছেন ৬০ জনের মতো ক্রিকেটার। বিসিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারের জন্যই জাতীয় দলের দরজা খোলা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এবারের বিসিএলে সাউথ জোনের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন আশরাফুল। ফর্মে থাকলে সব ক্রিকেটারই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।

বিসিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জিসান আলম। দারুণ পারফরম্যান্স করে এরই মধ্যে আলোচনায় আছেন যুব বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার। জাতীয় দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও চলছে গুঞ্জন। এদিকে টুর্নামেন্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন আকবর আলীও। এভাবে পারফরম্যান্স করতে থাকলে নির্বাচকরা তাদের নিয়ে ভাববেন বলে মনে করেন আশরাফুল।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে বলেছেন, 'সবারই ফর্মে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জিসান তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো লিস্ট ‘এ’ ক্রিকেটে, অভিনন্দন তাকে। আকবরও অসাধারণ ব্যাটিং করেছেন। এভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে থাকলে অবশ্যই নির্বাচকরা চিন্তাভাবনা করবেন।'

মার্চেই পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ব্যস্ত সূচি শুরু হচ্ছে বাংলাদেশের। এরপর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। আশরাফুলের ধারণা এই লম্বা সূচিতে বেশ কিছু ক্রিকেটারকে রোটেশনের ভিত্তিতে খেলাবে বাংলাদেশ। তাই সবার দিকেই নজর থাকবে নির্বাচকদের।

তিনি যোগ করেন, 'যে ৬০ জন প্লেয়ার এই বিসিএলে খেলছেন সবারই সুযোগ আছে। কারণ আমাদের পরবর্তী দুই বছর প্রচুর টেস্ট ম্যাচ আছে, ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে। এই দুই বছরে আমাদের হয়তোবা অনেককে রোটেশন করে খেলাতে হতে পারে নির্বাচকদের।'

বিসিএলের এবারের আসরটি মোটেই ভালো যায়নি বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৩ ম্যাচে ৭২ রান করেছেন তিনি। এর মধ্যে একটি ইনিংসই ৬৮ রানের। যদিও তিনি সর্বশেষ বিপিএলের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। তবে তার বাজে ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন আশরাফুল। ফাইনালেই শান্তর ব্যাট থেকে ভালো একটি ইনিংস আসবে বলে আশাবাদী তিনি।

আশরাফুল যোগ করেন, 'শান্ত আসলে জানে যে কীভাবে খেলতে হয়। সে ভালো রিদমেই আছে। আমরা বিপিএলেও দেখেছি যে প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট হান্ড্রেড করেছিল। ভালো ছন্দে আছে। আশা করি ফাইনালে হয়তোবা ভালো একটা ব্রিলিয়ান্ট একটা ইনিংস দেখব।'

আরো পড়ুন: