বিশ্বকাপ নিয়ে পড়ে থাকলে জীবন চলবে না: আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আশরাফুল
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহাম্মদ আশরাফুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কায় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ এই বিশ্ব আসরে দর্শক। নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বকাপে খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। আইসিসি উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করে বিশ্বকাপে। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এরই মধ্যে বিসিবি আয়োজন করেছে চার দলের অদম্য কাপ।

সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। সামনেই বাংলাদেশ দলের ব্যস্ত সূচি শুরু হবে পাকিস্তান সিরিজ দিয়ে। তাই সেদিকেই মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, 'ওইটা নিয়ে পড়ে থাকলে তো আসলে সামনে আগানো যাবে না। আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললাম। খুব চমৎকার একটা টি-টোয়েন্টি প্রতিযোগিতা হয়েছে, ফাইনাল ম্যাচ হাই স্কোরিং গেম হয়েছে। এখন বিসিএল, সামনে পাকিস্তান আসবে। আমরা ওইটা নিয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না।'

বিসিএল ওয়ানডে ঘরোয়া টুর্নামেন্ট হলেও দলগুলোর সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের কোচরা। কোয়ালিফাই করতে পারলে ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এই বিশ্ব আসরের প্রস্তুতি শুরু হচ্ছে এই বিসিএল দিয়েই। তাই ক্রিকেটারদের সব রকমের সহায়তা করতে জাতীয় দলের কোচদের সম্পৃক্ত করেছে বিসিবি।

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, 'আমাদের সব বিদেশী কোচরা, জাতীয় দলের কোচরা, সহকারী কোচ সালাউদ্দিন ভাই সহ সবাই দুইটা মাঠেই আছেন এবং যেহেতু সামনে পাকিস্তান সিরিজ, তার আগে এখানে চারটা ম্যাচ আছে, তাই এই চারটা খেলায় তারা সেরা প্রস্তুতিটা নেয়ার চেষ্টা করবে।'

তিনি আরও যোগ করেন,'এই অল্প সময়ে আমাদের, আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তান সিরিজের জন্য সেরা প্রস্তুতিটা কী হতে পারে, সেই লক্ষ্যটাই ক্রিকেট বোর্ড নির্ধারণ করেছে। প্রচারটা তো আসলে আপনারা করবেন। আপনারা করলেই প্রচার হয়ে যাবে।'

আরো পড়ুন: