সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। এমনও গুঞ্জন চলছে দলে ফিরলে কতদিন খেলতে পারবেন সাকিব। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন সাকিবের যেই মেধা রয়েছে অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন তিনি।
যদিও এর আগে লম্বা পথ পাড়ি দিতে হবে সাকিবকে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর সাকিবের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও দেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলা হয়নি তার। সেই বছরের অক্টোবর থেকে বাংলাদেশ দল থেকেই ব্রাত্য সাকিব।
তাকে নিয়ে আশরাফুল বলেছেন, 'আমি আগেও বলেছি যে সাকিবের যেই বয়স, ৩৭ বা ৩৮, খুব সহজেই সে যদি একটা ফরম্যাট নিয়ে চিন্তা করে, অনায়াসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে এবং আমাদের জন্য সেটা বেশ উপকার হবে বলে আমি মনে করি।'
সাকিবের পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর। এদিকে সাকিবের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিদায় নিয়েছেন সীমিত ওভারের ক্রিকেট থেকে। বিশেষ করে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ।
এই ব্যাপারটি স্বীকার করে আশরাফুল বলেন, 'এই ফরম্যাটে আমাদের মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব—তিনটা বড় খেলোয়াড় মিডল অর্ডারে খেলত, এই তিনজন চলে যাওয়ার পরে যারাই খেলছেন ভালো পারফর্ম করছেন কিন্তু ফলাফল আসছে না আমাদের।'