যদিও সাকিবকে ফেরাতে ইতোমধ্যে চেষ্টা শুরু করে দিয়েছে বিসিবি। দ্রুতই এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন সাকিবের ফিটনেস যাচাই করে দলে সুযোগ করে দেয়া বিসিবির কাজ। আর নিরাপত্তা ও আনুসাঙ্গিক বিষয়গুলো দেখবে সরকার।
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, 'আমি সভাপতি হওয়ার দুই মাস পর থেকেই যখন আমরা ঘরের মাঠের সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম। যেকোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, কিন্তু ঘটে নাই দেখে ঘটবে না আগামীতে এটাও বলা যাবে না।'
বিসিবি সব সময়ই চায় সাকিব খেলুক। এমন আকাঙ্খার কথা জানিয়ে তিনি বলেন, 'ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের হয়ে খেলুক যদি ওর ফিটনেস থাকে বা দলে সুযোগ পায়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শিগগিরই হয়তো একটা সংবাদ পাবেন।'
সাকিবকে বাংলাদেশের সম্পদ মনে করেন ফারুক। জুলাই গণঅভ্যতুত্থানের পর বেশ কিছু মামলা হয়েছিল সাকিবের নামে। এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে এই তারকা ক্রিকেটারের নামে। এমন অবস্থায় সরকারের সাহায্যের আহ্বান জানিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্মকর্তা।
তিনি যোগ করেন, 'সাকিবের ফিটনেস দেখে তাকে নির্বাচন করা ক্রিকেট বোর্ডের কাজ। কিন্তু তার অন্য যে জিনিসগুলো আছে, এটা তো ক্রিকেট বোর্ডের হাতে নেই, ওই জিনিসটা সরকারের চেষ্টা করতে হবে। ক্রিকেট বোর্ড অবশ্যই চায়। আমি বললাম তো এটা আমি চেয়েছি এক বছর ধরে। এখনও ক্রিকেট বোর্ড চায়, যদি সে আসে, সে আমাদের জন্য একটা সম্পদ, সে একটি ব্র্যান্ড, আমার মনে হয় এখনও তার ওইটা দেওয়ার ক্ষমতা আছে।'