বিসিএলে ভিন্ন ভূমিকায় দেখা যাবে লিটনকে

বিসিএল
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
টিম ম্যানেজমেন্টের এক সদস্যের সঙ্গে গল্প করতে করতে লিটন দাস যখন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেসিংরুম বের হচ্ছিলেন তখন মাঠে গা গরম করছিলেন নাহিদ রানা, শরিফুল ইসলামরা। একটু পর গিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন ডানহাতি ব্যাটার নিজেও। পুরোদমে অনুশীলনে নামার আগে গা গরমের জন্য যা যা করা প্রয়োজন সবটাই করলেন তিনি। ‍পুরোটা সময়ই সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছিলেন লিটন। অনুশীলনে ডানহাতি উইকেটকিপার ব্যাটার যতটা ফুরফুরে মেজাজে ওয়ানডে ক্রিকেটে লিটনের পারফরম্যান্স ঠিক তাঁর উল্টো।

এশিয়া কাপে পাওয়া চোটে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না। জাতীয় দলে থাকাকালীনও সবশেষ দুই-এক বছরে পারফর্ম করতে পারেননি। ২০২৪ সালের প্রায় পুরোটা সময় রানখরায় ছিলেন লিটন। ৮ ইনিংসে মাত্র ৩৫ রান করায় বাদ পড়েছিলেন গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকেও। জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ফিরলেও রানের দেখা পাননি। প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই।

শেষের দুই ওয়ানডেতে একাদশে সুযোগই মেলেনি লিটনের। জাতীয় দলের জার্সিতে সবশেষ ৮ ওয়ানডেতে মাত্র ১৩ রান করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬ আর ডাক মেরেছেন চারটি ইনিংসে। নভেম্বর-ডিসেম্বরের পর মার্চে পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ৫০ ওভারের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিরিজের আগে রাজশাহী ও বগুড়াতে ওয়ানডে সংস্করণের বিসিএল খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন খেলবেন নর্থ জোনের জার্সিতে।

টুর্নামেন্টটিকে বাংলাদেশের ওয়ানডে দলে ফেরার মঞ্চ হিসেবে দেখতে পারেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। প্রশ্ন হচ্ছে বিসিএলে পারফর্ম করে যদি জাতীয় দলে ফেরেন তাহলে লিটন কোথায় খেলবেন? সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওপেনার হিসেবে খেলেছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে ছিলেন তানজিদ হাসান তামিম। নাটকীয় কিছু না হলে পাকিস্তান সিরিজেও তারা তিনজনই থাকবেন। তিনে নাজমুল ইসলাম শান্ত ও চারে তাওহীদ হৃদয়ের খেলা অনেকটাই নিশ্চিত। অর্থাৎ টপ ফোরে লিটনের জায়গা নেই বললেই চলে।

মুশফিকুর রহিম অবসর নেওয়ায় পাঁচ নম্বরে একটা জায়গা ফাঁকা হয়েছে। দলের মিডল অর্ডারের প্রায় সবাই রানখরায় থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অতিরিক্ত ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। অভিষেক হয়েছে, ম্যাচও খেলেছেন। আফগানিস্তান সিরিজে পাঁচে ব্যাটিং করেছিলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফরেও লিটন বাদ পড়ায় একই পজিশনে সুযোগ পেয়েছিলেন। জাতীয় দলের ফিরতে মুশফিকের রেখে যাওয়া জায়গায় চোখ করতে পারেন লিটন। শুরুটা হতে পারে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিসিএল দিয়ে।

লিটনের ভিন্ন ভূমিকায় খেলার ইঙ্গিত দিয়েছেন হান্নান সরকারও। নর্থ জোনের প্রধান কোচ বলেন, ‘একজন খেলোয়াড় যখন অফ ফর্মে থাকে তখন তাকে ফিরে আসার জন্য একটু সময় দিতে হয়। লিটন কিন্তু সাম্প্রতিক সময়ে সাদা বলের টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থায় আছ। সুতরাং নিশ্চিতভাবেই সেই ফরম্যাটের আত্মবিশ্বাসটা এবং ফর্মটাকে ওয়ানডেতে আনার জন্য সময়টা পাচ্ছে। লিটনকে আপনারা হয়তো ভিন্ন ভূমিকায় দেখতে পারেন। সবকিছু মিলে লিটনের জন্য বিসিএলটা হয়তবা নতুন একটা সুযোগ যেখানে নিজেকে আবার সামনের দিকে....।’

নর্থ জোনের স্কোয়াডের দিকে তাকালে সেটার একটা স্পষ্ট ছবিও পাওয়া যায়। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে আছেন হাবিবুর রহমান সোহান। তিনে শান্ত, চারে হৃদয়, পাঁচে লিটন, ছয়ে সাব্বির রহমান অথবা আকবর আলী এবং সাতে শেখ মেহেদী। তবে হান্নান স্পষ্ট করে জানাননি লিটন আসলে কোথায় এবং কোন ভূমিকায় ব্যাটিং করবেন। তবে গুঞ্জন আছে জাতীয় দলের ভাবনায় বিসিএলে মিডল অর্ডারে খেলানো হতে পারে লিটনকে। হান্নানের বিশ্বাস বিসিএলে পারফর্ম করে নির্বাচকদের চিন্তায় ফেলবেন তিনি।

হান্নান বলেন, ‘আমাদের মনে হয় অভিজ্ঞ ক্রিকেটারের যে ব্যাপারটা রয়েছে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে লিটনের সেই জায়গায় বড় একটা ভূমিকা রাখার সামর্থ্য তার রয়েছে এবং সে পরীক্ষিত পারফর্মার। একটা বিরতির পর ওয়ানডেতে আবার ফিরেছে। আমি নিশ্চিত বিসিএলে সে নিজেকে সেভাবে প্রমাণ করে হয়তবা নির্বাচকদর আবার নতুন করে চিন্তায় ফেলবে যে তাকে পাকিস্তান সিরিজে বিবেচনা করা যায় কিনা।’

আরো পড়ুন: