শ্রীলঙ্কায় কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ কলম্বোতে সারাদিন বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বিশেষ করে সন্ধ্যায় সম্ভাবনা ৮৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বজ্রসহ প্রায় দেড় ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকবে।
প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশনের ব্যবস্থা অত্যাধুনিক। মাঠকর্মীরা বিশেষ প্রশিক্ষিত এবং বৃষ্টির পানি দ্রুত সরানোর জন্য নির্ধারিত কার্যপদ্ধতি অনুসরণ করেন। স্থানীয় কর্মকর্তারা জানান, 'মাঠে পানি জমে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়, কারণ পুরো মাঠ ঢাকার মতো পর্যাপ্ত কভার রয়েছে।'
মাঠকর্মীরা এক কভার থেকে আরেক কভারে পানি ঠেলতে ঠেলতে চারপাশের ড্রেনে পৌঁছে দেন। সাধারণত ভারী বৃষ্টি থামার পর ৪৫–৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে। এটি যান্ত্রিক ‘সুপার সপার’-এর চেয়ে দ্রুত কার্যকর।
নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরও খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। অর্থাৎ, আম্পায়াররা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর খেলা শুরু হলে ওভার কেটে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হবে। প্রতি ইনিংসে অন্তত ৫ ওভার খেলার প্রয়োজন, তা না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। শুধু সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রিজার্ভ ডে আছে। তাই বৃষ্টির কারণে খেলা না হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে এবং ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।