যদিও কিছুদিন আগেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন ইউ টার্নে ক্রিকেটার থেকে শুরু করে কোচ ও বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। বিশ্বকাপে খেলতে না পারার কারণে দুজন ক্রিকেটার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও।
এবার বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফ হাসান জানিয়েছেন বিশ্বকাপে খেলতে না পারার কারণে দুঃখ পেয়েছেন তিনিও। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় এই টুর্নামেন্টের কোনো ম্যাচই দেখেননি এই ডানহাতি ব্যাটার। আপাতত সাইফের লক্ষ্য আসন্ন সিরিজগুলো সুযোগ পেলে নিজেকে মেলে ধরা।
রাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফ বলেন, 'সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখিনি। আর নিজেকে ওভাবে মোটিভেট করার চেষ্টা করছি, এখন চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আছে, যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার। আর নিজেকে একটা ভালো অবস্থায় আনার।'
বাংলাদেশ দলের সবাই বিশ্বকাপে না খেলতে পেরে কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন সাইফ। বিশ্বকাপের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি চারদলীয় টুর্নামেন্ট আয়োজন করে অদম্য কাপ নামে। এই টুর্নামেন্টে অংশ নেন জাতীয় দলে থাকা ও আশেপাশে থাকা সব ক্রিকেটার।
এই টুর্নামেন্টে পারফর্ম করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাইফ। তিনি যোগ করেন, 'সবারই কষ্ট লেগেছে, যারা দলে ছিল। এটা অস্বীকার করার কিছু নেই। আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যে অদম্য কাপ যেটা খেলছি, ওখান থেকে একটা ভালো একটা অবস্থায় এসেছি। এটা একটা স্বস্তিকর বিষয়।'
পেশাদার ক্রিকেটার হিসেবে সব কিছু পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাইফ। তিনি যোগ করেন, 'একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি যত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াতে পারি। আর ভালো ব্যাপার যে একটা ব্রেক ছিল, সেটাতে আমরা খুব ভালোমতো কাজে লাগাতে পারছি।'