‘দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার না থাকা হতাশার হবে’

দ্য হান্ড্রেড
শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ
শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দ্য হান্ড্রেডের নিলামে ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার নাম দিয়েছেন। তবে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগের চারটি দলের মালিকানায় রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান। এ কারণে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

অনেকে ধারণা করছেন পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে দ্য হান্ড্রেডে থাকতে পারে 'শ্যাডো বেন'। এই ব্যাপারটি ভাবাচ্ছে ইংল্যান্ডকেও। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুক মনে করেন দ্য হান্ড্রেডে কোনো পাকিস্তানি ক্রিকেটার সুযোগ না পেলে ব্যাপারটি দুঃখজনক হবে।

যদিও তিনি জানিয়েছেন আপাতত তাদের পূর্ণ মনোযোগ বিশ্বকাপেই। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সত্যি বলতে, বিষয়টি আমাদের তেমন কোনো ব্যাপারও নয়।'

পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্যের প্রশংসা করতে দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক। পাকিস্তান প্রসঙ্গে ব্রুক বলেন, 'পাকিস্তান বহু বছর ধরে দুর্দান্ত একটি ক্রিকেট জাতি। নিলামে প্রায় ৫০ থেকে ৬০ জন ক্রিকেটার আছে বলে মনে হয়। তাদের মধ্যে কাউকে সেখানে না দেখাটা সত্যিই হতাশার হবে।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা অনেক। আইপিএল ছাড়া বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। ব্রুকও মনে করেন বিভিন্ন টুর্নামেন্টে দর্শক টানার ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটারদের বড় ভূমিকা থাকে।

তিনি যোগ করেন, 'ওদের মধ্যে অসাধারণ কিছু ক্রিকেটার আছে এবং তারা দারুণ দর্শকও নিয়ে আসে। পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারকে সেখানে না দেখাটা সত্যিই দুঃখজনক হবে। তাদের উপস্থিতি টুর্নামেন্ট ও প্রতিযোগিতাকে আরও ভালো করে তুলতে পারে।'

আরো পড়ুন: