এই সিদ্ধান্তকে ঘিরে শুরু থেকেই বাংলাদেশের প্রতি অবিচারের অভিযোগ তোলে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তখন থেকেই আলোচনা চলছিল, এই হাইভোল্টেজ ম্যাচটি না হলে আইসিসির আর্থিক ক্ষতি ছয় হাজার কোটি টাকারও বেশি হতে পারে। সেই সম্ভাব্য ক্ষতির বিষয়টি মাথায় রেখেই পিসিবির সঙ্গে যোগাযোগ বাড়ায় আইসিসি।
পরবর্তীতে আইসিসি বিসিবি ও পিসিবির সঙ্গে বৈঠকে বসে। আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তান একাধিক শর্ত উত্থাপন করে। এর মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব আসে, ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি বা আর্থিক জরিমানা আরোপ করা যাবে না। দীর্ঘ আলোচনার পর আইসিসি এসব শর্তে সম্মতি জানায়।
শর্তগুলো মেনে নেওয়ার পর ভারতের বিপক্ষে খেলতে সম্মত হয় পাকিস্তান। এর ফলে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান। তবে পুরো পরিস্থিতিকে ভিন্ন চোখে দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, '১৫ ফেব্রুয়ারির জন্যই ভারত–পাকিস্তান ম্যাচ নির্ধারিত ছিল। এখনও সেই ম্যাচ ১৫ ফেব্রুয়ারিতেই রয়েছে। বাংলাদেশ বাদ পড়েছিল, এখনও বাংলাদেশ বাদই আছে।'
তিনি আরও বলেন, 'ফিজের আইপিএলে খেলার কথা ছিল না, এখনও তার আইপিএলে খেলার কথা নেই। তাহলে এই সময়ের মধ্যে কী বদলে গেল? সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না।'
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।