জিম্বাবুয়েকে বিদায় করে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত
ছক্কা, চার মারা যার কাজ সেই অভিষেক শর্মা যেন রান করতেই ভুলে গিয়েছিলেন। সাউথ আফ্রিকা ম্যাচে শূন্যের রীতি ভেঙে ছক্কা, চার মেরেছিলেন। সেই ম্যাচে রানে ফেরার আভাস দিলেও অভিষেকের ঝড় দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ছন্দে খুঁজে পেয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালালেন বাঁহাতি ওপেনার। পেয়েছেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরিও। একই চিত্র ইশান কিশানের ব্যাটেও। দ্রুত রান তোলার সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক সূর্যকুমার যাদবও। শেষ বেলায় হাফ সেঞ্চুরি করলেন হার্দিক পান্ডিয়া। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় বিদ্ধ হওয়া তিলক ভার্মাও কম গেলেন না।