বিশ্বকাপ অভিষেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই ছক্কার চেষ্টা করতে গিয়ে সীমানায় ধরা পড়েন অভিষেক। পরের ম্যাচে পেটের সমস্যার কারণে খেলতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে দলে ফিরে চার বল খেলে আবারও শূন্য রানে আউট হন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেটিই তার শেষ উপস্থিতি।
তবে গাভাস্কার বলছেন, শুরুটা সামলাতে পারলেই পুরোনো ছন্দে ফিরতে পারবেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। স্পোর্টস টুডে'কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'অভিষেক শর্মার জন্য আমরা অযাচিত পরামর্শ, প্রথমে একটি সিঙ্গেল নাও। ব্যস! এরপর চালিয়ে খেলতে পারো। তবে শুরুতে এক রান নাও।'
ভারতের কিংবদন্তি ওপেনারের মতে, দ্রুত একটি সিঙ্গল নিলে চাপ কেটে যাবে, 'দ্রুত একটি সিঙ্গল নিতে হবে, যেখানে পা চলবে দ্রুত, এরপরে এগিয়ে যাওয়া যাবে।'
গত দেড় বছরে ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অভিষেক। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৩৫ বলে ৮৪ এবং আরেক ম্যাচে ২০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যদিও সাম্প্রতিক ছয় ইনিংসের চারটিতে শূন্য রানে আউট হয়েছেন, যার তিনটিই ছিল গোল্ডেন ডাক।
গাভাস্কার মনে করেন, এই ওঠানামা ফর্মহীনতার প্রমাণ নয়, 'এটা একেকজনের আত্মবিশ্বাসের ব্যাপার। সে নিউজিল্যান্ডের সঙ্গে ৮৪ রান করেছে। সে ফর্মে আছে এবং ভালো ছন্দে আছে এবং সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে।'
অভিষেকের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসছে দ্রুতই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেখানেই রানের খাতা খুলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অপেক্ষায় থাকবেন এই ওপেনার।