অবশেষে বাদ পড়ছেন অভিষেক, স্যামসনকে ফেরানোর ইঙ্গিত কোচের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন
অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বড় ধাক্কা খেয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে তারা। প্রোটিয়াদের দুই বোলার মার্কো জানসেন ও কেশভ মহারাজের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। এই হারের পর নিজেদের একাদশ নিয়ে নতুন করে ভাবতে পারে ভারত।

বিশেষ করে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে বড় পরিবর্তন। ভারত নিজেদের পরের ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগেই নিজেদের গুছিয়ে নিতে চাইবে বিশ্বকাপের আয়োজকরা। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ১২ বলে ১৫ রান করে আউট হয়েছেন।

এদিন ইশান কিশান আউট হয়েছেন শূন্য রানে। এরপর অভিষেকও ব্যর্থ হলে বিপর্যয়ে পড়ে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে তৃতীয়বারের মতো টপ অর্ডারে বিপর্যয় দেখেছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাট। তিনি একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, 'দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার আছে এবং আপনি চাইবেন একটি স্থিতিশীল দল রাখতে। এই ছেলেরা আগেও সব করেছে। তারা সবাই অসাধারণ খেলোয়াড়। তাহলে প্রশ্ন হলো আপনি কি একইভাবে থাকবেন, নাকি পরিবর্তন করবেন। গত ১৮ মাসে যারা খুব ভালো খেলেছে কিন্তু এখন হয়তো কয়েকটা রান পাচ্ছে না, তাদের ওপর আস্থা রাখবেন?'

এরপর তিনি যোগ করে বলেন, 'নাকি পরিবর্তন করে সাঞ্জুকে আনবেন, যে দারুণ খেলোয়াড় এবং ওপেনিংয়ে একজন ডানহাতি ব্যাটার হিসেবে কৌশলগত সুবিধাও দিতে পারে? আমি নিশ্চিত, আগামী কয়েক দিনে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিষয়টি বড় আলোচনার বিষয় হবে।'

ভারতের বর্তমান টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারই বাঁহাতি। ফলে প্রতিপক্ষ দলগুলো শুরুতেই অফস্পিনার ব্যবহার করে সুবিধা নিচ্ছে। স্যামসন দলে এলে ওপেনিংয়ে একজন ডানহাতি ব্যাটার যোগ হবে, যা এই কৌশল ভাঙতে সাহায্য করতে পারে। এদিকে টানা দুই ম্যাচে অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছে ভারত।

এই সিদ্ধান্তটি যে ভুল ছিল সেটা স্বীকার করে নিয়েছেন ভারতের এই সহকারী কোচ। তিনি বলেন, 'আমরা বড়ভাবে ভুল করে ফেলেছি। আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে শুধু পারফরম্যান্সই কথা বলবে।'

আরো পড়ুন: