টানা ৩ শুন্যের পর অভিষেক বলছেন, ‘কোনো ধরনের চাপ নেই’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অভিষেক শর্মার অভিযানটা হতাশার। টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার তিন ম্যাচে এখনও রানের খাতা খুলতে পারেননি। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার শট নির্বাচনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান বদলাতে রাজি নন ভারতের এই ওপেনার।

বিশ্বকাপের আগে টি–টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন অভিষেক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ১৮২ রান করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপেও বড় ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাই ছিল দলের সমর্থক ও বিশ্লেষকদের। কিন্তু গ্রুপ পর্বে তিন ম্যাচেই শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।

সুপার এইটে রবিবার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, অভিষেকের ফর্ম নিয়ে দল উদ্বিগ্ন নয়। শনিবার স্টার স্পোর্টসের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিষেক।

'আমি স্রেফ আমার ব্যাটিং উপভোগ করি। দুই বছর আগেই আমি চাপ নেয়া ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে হয় কেবল প্রক্রিয়া ঠিক রাখাই আমার হাতে। আমি অনুশীলন ও প্রশিক্ষণই করছি, এটাই আমার সবসময় করা উচিত এবং ধীরে ধীরে তা বাড়বে। আমি এটা উপভোগ করি, তাই কোনো ধরনের চাপ নেই।'

২৫ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন, যেকোনো ব্যাটারের ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। কয়েকটি ইনিংসে রান না এলেও তা নিয়ে অতিরিক্ত ভাবছেন না তিনি। বরং নিজের পরিকল্পনা ও মানসিকতার ওপর আস্থা রাখছেন।

'অবশ্যই ব্যাটারদের উত্থান-পতন থাকে। কখনও কিছু ইনিংসে রান হয়, কখনও হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে একটি নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত নিতে হবে যে, আমাকে এভাবে খেলতে হবে, এরকম অভিপ্রায় নিয়ে খেলতে হবে। আমি এতে সফল হতে পারি বা নাও হতে পারি, কিন্তু আমার প্রক্রিয়া ও মানসিকতা পরিবর্তন করব না আমি।'

আরো পড়ুন: