ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত দু’দিন ধরেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার। ফলে নামিবিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় বোর্ডের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'পেটের সংক্রমণে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিষেককে। সমস্যার ধরন নিশ্চিত হতে কিছু পরীক্ষা করানো হয়েছে। এটা নিশ্চিত নয় যে আজকে সে ছাড়া পাবে কি না।'
সূত্রটি আরও যোগ করে, 'এখন পর্যন্ত যে অবস্থা, তাতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা সংশয়পূর্ণ। চিকিৎসকদের পর্যবেক্ষণের ওপরই নির্ভর করছে তার ম্যাচ খেলার সিদ্ধান্ত।'
এর আগে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষেক। পরে তিনি আর ফিল্ডিংয়ে নামেননি। ম্যাচ শেষে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছিলেন, 'অভিষেক পেটের সমস্যায় ভুগছে। আশা করা হচ্ছে, দিন দুয়েকের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে।'
অভিষেক খেলতে না পারলে নামিবিয়ার বিপক্ষে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন সাঞ্জু স্যামসন। অন্যদিকে ভারতের জন্য স্বস্তির খবর হলো, জ্বর কাটিয়ে অনুশীলনে ফিরেছেন জসপ্রিত বুমরাহ। এ ছাড়া চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর, যদিও তার একাদশে থাকা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।