সুপার এইটে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর ভারতের সামনে বর্তমান সমীকরণ বেশ কঠিন। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে। আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ নিয়ে আলোচনা তুঙ্গে।
ক্রিকবাজে আলোচনার সময় শেবাগ বলেন, 'আমি যদি সেখানে (টিম ম্যানেজমেন্টে) থাকতাম, অভিষেক শর্মাকে বিরতি দিতাম এবং তার জায়গায় সাঞ্জু স্যামসনকে খেলাতাম। এই ম্যাচটিতেই কেবল এটা করার চেষ্টা করা যায়, কারণ ভারত যদি ম্যাচটি হারে, তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। যেহেতু ম্যাচটা এতই গুরুত্বপূর্ণ, ভারতকে ফর্মের ভিত্তিতে সেরা একাদশ সাজানো উচিত।'
তিনি আরও বলেন, 'একাদশ নির্বাচনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে, তবে দলের কৌশল কখনোই খারাপ ছিল না, সমস্যাটা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। এই জায়গায় আরও ভালো হওয়া যায় আর তারা সেখানে উন্নতি করার চেষ্টা করবে। অভিষেক শর্মা কিংবা তিলক ভার্মা দুজনই ফর্মে নেই, তাই এটা তাদের মাথায় রাখতে হবে।'
যাকে খেলানোর কথা বলছেন শেবাগ, সেই স্যামসন চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেছেন। নামিবিয়ার বিপক্ষে সুযোগ পেয়ে আট বলে ২২ রান করেছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়েই দেখা যেতে পারে তাকে। টপ অর্ডারে তিন বাঁহাতি ব্যাটসম্যানের ধারাবাহিকতা ভাঙার ভাবনাও রয়েছে টিম ম্যানেজমেন্টের।