ভারতের ওপেনিং নিয়ে দ্বিধা, আইয়ারের ভরসা তিনজনেই

ভারত-আফগানিস্তান সিরিজ
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতের সবচেয়ে বড় প্রশ্ন ওপেনিং জুটি নিয়ে। অভিষেক শর্মার সঙ্গে কে নামবেন- সাঞ্জু স্যামসন নাকি বৈভব সূর্যবংশী? রবিবার দিল্লিতে প্রথম ম্যাচের আগে সেই দ্বিধার কথা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আয়ারল্যান্ড সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পাননি বৈভব। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে খেলেন তিনি, বাকি দুই ম্যাচে ওপেন করেন স্যামসন। জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য তিন ম্যাচেই অভিষেকের সঙ্গে ওপেন করে সিরিজসেরার পুরস্কার জেতেন সূর্যবংশী।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আইয়ার বলেন, 'এই তিন ক্রিকেটার দলে থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। প্রত্যেকেই যার যার জায়গায় সেরা। তিনজনই ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাই ওদের মধ্যে দুজনকে বাছা কঠিন।'

আজকের ম্যাচের একাদশ নিয়ে অবশ্য সরাসরি কিছু জানাননি আইয়ার। তবে একাদশের বাইরে থাকা ক্রিকেটারকেও দলের পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন তিনি, 'দলের পরিকল্পনা অনুযায়ী দুজনকে খেলাতে হবে। তবে যে বেঞ্চে বসবে, তার সঙ্গে কথা বলব। কোচ ও আমি তাকে বুঝিয়ে বলব যে, দলের বাইরে থাকার মানেই বাদ পড়া নয়। নির্দিষ্ট সময়ে সে সুযোগ পাবে। এই আত্মবিশ্বাস তাকে আমরা দেব।'

যদিও ভারতের মাটিতে সূর্যবংশীকে প্রথমবার জাতীয় দলের জার্সিতে দেখার সম্ভাবনাই বেশি। দিল্লির ছোট সীমানা কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারলে আত্মবিশ্বাসও বাড়বে তার। পাশাপাশি দুই বছর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সূর্যবংশীকে বেশি সুযোগ দিয়ে প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে ভারতের।

উইকেটরক্ষক হিসেবে ইশান কিশান থাকায় সেই পরিকল্পনায় স্যামসনকে বাইরে রাখার সুযোগও তৈরি হয়েছে। অনুশীলনে বাউন্সার সামলাতে গিয়ে হালকা চোট পাওয়া ইশান এখন পুরোপুরি সুস্থ।

আইয়ার আরো বলেন, 'ইশান এখন সম্পূর্ণ সুস্থ। ওর সঙ্গে কথা হয়েছে। টানা ক্রিকেট খেলছে ও। দলীপের ফাইনালে লম্বা ইনিংস খেলেছে। তাই ক্লান্তি থাকবে। কিন্তু রবিবারের ম্যাচের জন্য ও পুরো তৈরি।'

আরো পড়ুন: