গম্ভীরের মতো কেউই দলকে সামলাতে পারে না: আইয়ার

ভারত ক্রিকেট
গৌতম গম্ভীর ও শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
গৌতম গম্ভীর ও শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। সিরিজ শুরুর আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার মতে, ক্রিকেটারদের সামলানোর ক্ষেত্রে গম্ভীরের মতো দক্ষ আর কেউ নেই। একই সঙ্গে দলে একের পর এক চোটের সমস্যা নিয়েও কথা বলেছেন তিনি।

গম্ভীরের সঙ্গে আগেও কাজ করেছেন আইয়ার। কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে থাকার অভিজ্ঞতা থেকেই কোচ হিসেবে গম্ভীরের দক্ষতা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। এবার জাতীয় দলেও গম্ভীরের নেতৃত্বগুণের প্রশংসা করেছেন তিনি।

'দলের মধ্যে আস্থা এবং আত্মবিশ্বাস তৈরি করেছেন গম্ভীর। প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে জানে। কোচিং দক্ষতার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলার ব্যাপারেও গম্ভীর দুর্দান্ত। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে এমন সম্পর্ক থাকলে সেটা দলকে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। সেটা বোঝা কোচের কাজ।'

গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স দলে কাজের পুরোনো অভিজ্ঞতার কথাও জানিয়েছেন আইয়ার। তার বিশ্বাস, সময়ের সঙ্গে কোচ-খেলোয়াড়ের বোঝাপড়া আরও ভালো হয়, 'আমরা যত বেশি ম্যাচ জিতব, তত ভালো করে একে অপরকে জানতে পারব। আগে গম্ভীরের সঙ্গে কেকেআরে কাজ করেছি। তাই জানি কীভাবে কাজ করেন উনি।'

এদিকে ভারতের একের পর এক ক্রিকেটারের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আফগানিস্তান সিরিজেও একাধিক ক্রিকেটারকে চোটের কারণে পাওয়া যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে হতাশ নন আইয়ার। তার মতে, ব্যস্ত সূচিতে নিয়মিত ম্যাচ খেলতে হলে চোটের ঝুঁকি থাকবেই।

'হতাশ নই। আসলে এটা বুঝতে হবে যে একজন ক্রিকেটার একটানা কতগুলো ম্যাচ খেলে। এতটাই বেশি ম্যাচ খেলতে হয় যে চোট লাগবেই। তা ছাড়া কেউ তো আর ইচ্ছা করে চোট পায় না। তারা দলের হয়ে নিজের সেরাটা দিচ্ছে বলেই চোট পাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করা যায় না।'

আরো পড়ুন: