আইপিএলের গত আসরে দিল্লির পেস বোলিং কোচের দায়িত্বেছিলেন মুনাফ প্যাটেল। নতুন মৌসুমের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি প্রধান কোচ হেমাং বাদানি ও ডিরেক্টর ভেনুগোপাল রাওকেও সরিয়ে দিয়েছে তারা। মুনাফের সঙ্গে চুক্তি বাতিল করার পর জহির খান ও অনিল কুম্বলের সঙ্গে আলোচনা করেছে দিল্লি।
যদিও জহির খান ও কুম্বলের সঙ্গে আলোচনা খুব একটা এগোয়নি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন বোলিং কোচ হিসেবে ভাসের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি। এবারই প্রথম আইপিএলে কাজ করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। পেশাদার ক্রিকেট ছাড়ার পর ২০১২ সালে শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন ভাস।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেছেন শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাত সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ ছিলেন। একই বছর শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ভাস। ২০১৭ সালে ভারত সফরে ছিলেন শ্রীলঙ্কার বোলিং কোচ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পেস বোলিং কোচ ছিলেন চামিন্দা ভাস। আইপিএলের প্রথম তিন মৌসুমে খেলার অভিজ্ঞতাও আছে তার। ডেকান চার্জার্স হায়দরাবাদের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার।
বোলিং কোচের পাশাপাশি পুরো কোচিং প্যানেলে পরিবর্তন আসতে যাচ্ছে দিল্লি। কিছুদিন আগে নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুবরাজ সিংকে। নতুন প্রধান কোচও খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আলোচনায় কে আছেন সেটা এখনো জানা যায়নি।