১৬ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন বুমরাহ। তবে ফিল্ডিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। এমন অবস্থায় লর্ডসে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। জানা গেছে, ইংল্যান্ড সিরিজ শেষে হাঁটুর চোটের জন্য ইনজেকশন ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি বুমরাহর জন্য লং টার্ম ফিটনেস পরিকল্পনাও সাজিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মেডিকেল বিভাগ। চলতি সপ্তাহে বেঙ্গালুরু সেন্টার অব এক্সিলেন্সে পৌঁছেছেন বুমরাহ। ধারণা করা হচ্ছে, এখনই বোলিংয়ে ফিরলে ডানহাতি পেসারের ইনজুরি আরও গুরুতর হতে পারে।
সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে ব্যাপকভাবে লড়াই করতে হচ্ছে বুমরাহকে। আইপিএলের সময়ও বেঙ্গালুরুতে যেতে হয়েছিল তাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ম্যাচও খেলেছিলেন তিনি। ইতোমধ্যেই চোটের কারণে শ্রীলঙ্কায় খেলা হচ্ছে না হার্শিত রানা ও নীতিশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দরও ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।
আগামী ১৫ আগষ্ট থেকে গলে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৩ আগষ্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ভারত পাঁচে ও শ্রীলঙ্কা অবস্থান করছে ছয়ে।