শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে নিয়ে স্বস্তির খবর পেল ভারত

ভারতীয় ক্রিকেট
জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো
জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ভারত। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। ফলে শ্রীলঙ্কা সফরের দলে তার থাকা এখন নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া ইমপ্যাক্ট ইনজুরির কারণে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি বুমরাহ। সেই চোটের কারণেই শ্রীলঙ্কা সিরিজে তার অন্তর্ভুক্তি নির্ভর করছিল ফিটনেস পরীক্ষার ওপর। ৩১ জুলাই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে সেই পরীক্ষা সম্পন্ন হয় এবং সবুজ সংকেত পান ভারতীয় এই পেসার।

বুমরাহর ফিটনেস নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'জসপ্রিত বুমরাহ ইমপ্যাক্ট ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছে। সেন্টার অব এক্সিলেন্সের নির্ধারিত সব ফিটনেস পরীক্ষা সে সফলভাবে সম্পন্ন করেছে। আশা করছি, দুটি টেস্টেই সে খেলতে পারবে। কারণ দলের পরিকল্পনায় সে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।’

শ্রীলঙ্কা সফরের আগে ভারতের পেস আক্রমণে একের পর এক চোটের আঘাত এসেছে। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন হার্শিত রানা। কোয়াড্রিসেপসের চোটের কারণে পাওয়া যাচ্ছে না নিতীশ কুমার রেড্ডিকেও। অন্যদিকে পিঠের স্ট্রেস ইনজুরি থেকে এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আকাশ দীপও নির্বাচনের জন্য প্রস্তুত নন।

এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম টেস্টে খেলতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ফলে বুমরাহর দলে ফেরাটা ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে কলম্বোয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান আসরে নয় ম্যাচে চার জয় ও চার হার নিয়ে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। অন্যদিকে চার ম্যাচে এক জয় ও এক হারে ষষ্ঠ স্থানে আছে শ্রীলঙ্কা।

ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে ভারতের সামনে বাকি থাকা নয় টেস্টের অন্তত সাতটিতে জয়ের বিকল্প নেই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই ম্যাচের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই লড়াইয়ের আগে বুমরাহর ফিট হয়ে দলে ফেরাটা ভারতের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

আরো পড়ুন: