প্রায় ১৮ বছরের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের পর সম্প্রতি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রাহানে। এবার মাঠের বদলে তাকে দেখা যাবে ধারাভাষ্য কক্ষে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থেকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, কৌশল ও পরিস্থিতি বিশ্লেষণ করবেন তিনি।
ভারতের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন রাহানে। ১৪৭ ইনিংসে তার সংগ্রহ ৫ হাজার ৭৭ রান। ১২টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২৬টি অর্ধশতক। দীর্ঘ সময় লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবার ধারাভাষ্যে কাজে লাগাতে চান তিনি।
রাহানে বলেন, 'শ্রীলঙ্কা সফরে টেস্ট ধারাভাষ্যে অভিষেক করতে পেরে আমি রোমাঞ্চিত। টেস্ট ক্রিকেট আমাদের খেলাটার সর্বোচ্চ পর্যায়। এত বছর এই সংস্করণে ভারতের হয়ে খেলার পর এবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে খেলাটিকে দেখার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ ব্যাপার।'
নতুন ভূমিকায় নিজের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেয়ার কথাও জানান সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘খেলার বিভিন্ন সূক্ষ্ম দিক ব্যাখ্যা করতে এবং দর্শকদের সিদ্ধান্ত, কৌশল ও এমন সব মুহূর্ত সম্পর্কে ধারণা দিতে মুখিয়ে আছি, যেগুলো একটি টেস্ট ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আশা করি, সম্প্রচারে আমার অভিজ্ঞতা যোগ হবে এবং মাঠে কী ঘটে, সে সম্পর্কে দর্শকের আরও গভীর ধারণা তৈরি হবে।’
রাহানের এই নতুন ভূমিকায় খুশি সম্প্রচার কর্তৃপক্ষও। সংস্থাটির রাজস্ব ও ক্রীড়া বিভাগের প্রধান রাজেশ কৌল বলেছেন, ‘রাহানে সব সময় তার স্থিরতা, দৃঢ়তা এবং খেলা পড়ার অসাধারণ ক্ষমতার জন্য আলাদা ছিলেন। এবার যে সংস্করণটি তিনি সবচেয়ে ভালোভাবে জানেন, সেই টেস্ট ক্রিকেট নিয়েই তার দৃষ্টিভঙ্গি শুনতে পারবেন দর্শকেরা। আমরা আনন্দিত যে তিনি আমাদের ধারাভাষ্য দলে যোগ দিয়েছেন।'