শীর্ষস্থান হারালেন বরুণ, অভিষেকের ঘাড়ে ইশানের নিঃশ্বাস

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন অভিষেক শর্মা। প্রত্যাশিতভাবে বিশ্বকাপে ভালো করতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বাঁহাতি ওপেনার। দুর্দান্ত পারফরম্যান্সে অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইশান কিশান। অভিষেক নিজের জায়গা ধরে রাখলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বরুণ চক্রবর্তী। আবারও শীর্ষে ফিরেছেন রশিদ খান।

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। টানা দুই বিশ্বকাপ জয়ের পর ভারতের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে। ফাইনালে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়েই ছন্দে ছিলেন ইশান। ৯ ইনিংসে ১৯৩.২৯ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেছেন। এমন পারফরম্যান্সে দুই ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি।

শীর্ষে থাকা অভিষেক মাত্র ৪ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন। যদিও বিশ্বকাপ জুড়ে পারফর্ম করতে পারেননি তিনি। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি হাফ সেঞ্চুরি ছাড়া বাকি ম্যাচগুলোতে তেমন কিছু করতে পারেননি। ইশানের উন্নতিতে পিছিয়ে গেছেন সাহিবজাদা ফারহান ও ফিল সল্ট। পাকিস্তান ভালো না করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন ফারহান। মাত্র ৭ ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করেছেন।

দুইটি সেঞ্চুরির সঙ্গে দুইটি হাফ সেঞ্চুরিও করেছেন পাকিস্তানের ওপেনার। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৬ রান করেছেন টিম সেইফার্ট। চার হাফ সেঞ্চুরি করা নিউজিল্যান্ড ব্যাটার ৪ ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, জস বাটলার ও রায়ান রিকেলটনরা। ভারতকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট সেরা হয়েছেন সাঞ্জু স্যামসন।

৫ ম্যাচে ১৯৯.৩৭ স্ট্রাইক রেটে ৩২১ রান করেছেন। চারটি হাফ সেঞ্চুরিও করেছেন স্যামসন। এমন পারফরম্যান্সের সুবাদে ১৮ ধাপ এগিয়েছেন ভারতের তারকা ব্যাটার। বর্তমানে ২২ নম্বরে আছেন স্যামসন। বোলিংয়ে বরুণের অবনতিতে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ। ডানহাতি লেগ স্পিনারের সঙ্গে বরুণের রেটিং পয়েন্টের পার্থক্য ১৩। এক ধাপ এগিয়ে চারে উঠেছেন আদিল রশিদ। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে ছয়ে উঠে এসেছেন জসপ্রিত বুমরাহ।

আরো পড়ুন: