দিল্লিতে আগামী ১৫ মার্চ বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে শিরোপা জেতা নারী ও পুরুষ জাতীয় দল এবং অনূর্ধ্ব–১৯ দলগুলোর ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে।
গত বছর আইসিসির একাধিক টুর্নামেন্টে সাফল্য পায় ভারত। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তারা। পাশাপাশি ঘরে তোলে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপও। বছরের শেষ দিকে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। আর গত মাসে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতে ভারত।
এরপর টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে সূর্যকুমার যাদবের ভারত। আহমেদাবাদের ফাইনালে তারা বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ডকে। ২৫৫ রান করার পর কিউইদের ১৫৯ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বলেন, 'নয়াদিল্লিতে আগামী ১৫ মার্চ বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সম্প্রতি টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলসহ সব আইসিসি টুর্নামেন্ট বিজয়ীদের এবং তাদের কোচদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছি।'
তিনি আরও বলেন, 'এর মধ্যে সিনিয়র পুরুষ ও নারী দল, অনূর্ধ্ব–১৯ ছেলে ও মেয়েদের দলও রয়েছে, যারা প্রত্যেকেই ২০২৫ সালে ট্রফি জিতেছে। গত এক বছরে বিভিন্ন ভারতীয় দলের জেতা পাঁচটি আইসিসি শিরোপা উদযাপনের মাধ্যমে রাতটি স্মরণীয় হয়ে উঠবে।'