বাণিজ্যিক ফ্লাইটে ঘরে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ছাড়ছে প্রোটিয়ারাও

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়ার পর থেকেই ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ পর্যন্ত বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

১ মার্চ সুপার এইটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছিল। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আগে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরার পরিকল্পনা বারবার পিছিয়ে যায়।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বলেছে, 'পুরুষ ও নারীদের আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সব ভ্রমণ ও থাকা–খাওয়ার ব্যবস্থা আইসিসির মাধ্যমে সমন্বয় ও পরিচালনা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা দলকে পরিবহন করার জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি বারবার বিলম্বিত হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দল ভ্রমণের অপেক্ষায় ভারতে ৯ দিন অবস্থান করেছে। তবে বৈশ্বিক উত্তেজনা ও বিমান নিয়ন্ত্রণ–সংক্রান্ত বিধিনিষেধের কারণে আইসিসির চার্টার্ড ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও চাপপূর্ণ করে তোলে।'

খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় সিডব্লিউআই। তাদের ভাষ্য, 'খেলোয়াড় ও স্টাফদের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে আমরা আইসিসিকে জানিয়েছি, চার্টার্ড ফ্লাইটের জন্য অপেক্ষা করা আর বুদ্ধিমানের কাজ হবে না। এরপর আইসিসির সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করতে পদক্ষেপ নেয়া হয়েছে।'

এরই মধ্যে দলের কিছু সদস্য দেশে ফিরে গেছেন বলেও নিশ্চিত করেছে বোর্ড। বিবৃতিতে বলা হয়, 'কিছু খেলোয়াড় ও স্টাফ ইতোমধ্যেই দেশে ফিরেছেন এবং বাকিরা ১০ ও ১১ মার্চ বাণিজ্যিক ফ্লাইটে ফিরবেন।'

এদিকে একই পরিস্থিতিতে ভারতের মাটিতে আটকে ছিল সাউথ আফ্রিকা দলও, যারা ধীরে ধীরে দেশ ছাড়তে শুরু করেছে। আইসিসি জানায়, সব খেলোয়াড় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত ছাড়বেন।

আরো পড়ুন: