‘এটা জীবনের অন্যতম সেরা দিন, গোটা দুনিয়া পেয়ে যাওয়ার মতো’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৬ বলেই ফিফটি। স্বাভাবিকভাবেই এরপর আরও আক্রমণাত্মক হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সাঞ্জু স্যামসন যেন ঠিক উল্টো পথ বেছে নিলেন। নতুন করে গার্ড নিলেন, সময় নিলেন, ইনিংস গড়ার দিকে মন দিলেন। সামনে পথ অনেক, পরিপক্ব এই উপলব্ধিই যেন বদলে দিল তার ব্যাটিংয়ের গতি।

ইনিংস শুরু করা সেই স্যামসনের ব্যাটে হাফ সেঞ্চুরির পর ফুটে উঠল পরিপূর্ণ পরিপক্বতার ছাপ। উইকেট আগলে রেখে রান বাড়ানো, চাপ সামলানো এবং জুটি গড়া, সবকিছু সামলে দলকে পৌঁছে দিলেন জয়ের বন্দরে। ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংসে ভারতকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কারও তুলে নেন তিনি।

ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্যামসন বলেন, 'সত্যি বলতে, এটা আমার কাছে গোটা দুনিয়া পেয়ে যাওয়ার মতো। ঠিক যেদিন থেকে খেলা শুরু করেছিলাম, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছিলাম, আমার মনে হয়, এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। খুবই কৃতজ্ঞ।'

তিনি আরো যোগ করেন, 'আমার পথচলা সবসময়ই ছিল স্পেশাল, যেখানে ছিল অনেক উত্থান-পতন। নিজেকে অনেক সংশয়ও জেগেছে আমার… তবে নিজের ওপর বিশ্বাস রেখেছি এবং সর্বশক্তিমান প্রভুর কাছে কৃতজ্ঞতা আজ আমাকে আশিস দেওয়ার জন্য। খুবই খুশি আমি।'

স্যামসনের ক্যারিয়ার ছিল সুযোগ আর অপেক্ষার মিশেল। আইপিএলে ২০১৩ সাল থেকে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে জায়গা পাকা করতে পারেননি দীর্ঘ সময়। ২০ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলেও পরের ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছে চার বছর। ওয়ানডেতে অভিষেক ২০২১ সালে, গড় ৫৬.৬৬ ও স্ট্রাইক রেট ৯৯.৬০, তবু সুযোগ এসেছে অনিয়মিতভাবে।

এই সংস্করণে দীর্ঘ সময় ডাগআউটে বসে থেকেও শেখার কথা জানালেন তিনি। স্যামসনের ভাষায়, 'বিরাট কোহলি, রোহিত শর্মা ও অন্য গ্রেটদের দেখে শিখেছি। তারা কী করছেন, সেসব পর্যবেক্ষণ করা ও সেখান থেকে শেখা খুব গুরুত্বপূর্ণ। আমাকে এটা সহায়তা করেছে আরও অভিজ্ঞ হয়ে উঠতে।'

ম্যাচ পরিস্থিতির পার্থক্যও তুলে ধরেন তিনি, 'গত ম্যাচে আমরা আগে ব্যাট করছিলাম, বড় স্কোর গড়ার ব্যাপার ছিল। এজন্য প্রথম বল থেকেই শট খেলেছি। এই ম্যাচ ছিল পুরোপুরি ভিন্ন… এজন্য চেয়েছি জুটি গড়তে, নিজের প্রক্রিয়ায় থাকতে। কখনোই ভাবতে পারিনি, এরকম স্পেশাল কিছু করব… আমার মনে হয়, আমার জীবনের সেরা দিনগুলির একটি এটি।'

আরো পড়ুন: