‘বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি থাকবে না’

ভারতীয় ক্রিকেট
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছর গৌতম গম্ভীরের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। টেস্টে প্রত্যাশিতভাবে ভালো করতে না পারলেও তার অধীনে এখনো টি-টোয়েন্টি সিরিজ হারেননি সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলে গম্ভীরকে বিদায় নিতে হবে, এমনটা মনে করেন স্টিভ হার্মিসন। যদিও গম্ভীরের কোচিংয়ের ধরনের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার।

রাহুল দ্রাবিড় সরে যাওয়ার পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। বাঁহাতি সাবেক ওপেনারের অধীনে টেস্ট ক্রিকেটে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারছে না ভারত। তাঁর কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে শুভমান গিলের দল। ইংল্যান্ডে সফরে সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়া সফরে জিততে পারেনি। টেস্টের মতো ওয়ানডে ক্রিকেটেও সবার মন জোগাতে পারছেন না তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবিও তোলেন সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। অন্য দুই সংস্করণের চেয়ে অবশ্য টি-টোয়েন্টিতে অবশ্য ভালো করছে ভারত। গম্ভীরের কোচিংয়ে এখনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতের কোচের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ শিরোপা ধরে রাখা। সেই পথে এখনো নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি তারা।

গ্রুপ পর্বের সব ম্যাচে জিতলেও সুপার এইটে হেরেছে সাউথ আফ্রিকার কাছে। সেমিফাইনালে খেলতে পারবে কিনা এমন শঙ্কা জাগলে জিম্বাবুয়েকে উড়িয়ে আশা বাঁচিয়ে রেখেছেন অভিষেক শর্মারা। সেরা চারে উঠতে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে তাদের। তবে সুপার এইট থেকে বিদায় নিলে চাকরি হারাতে হবে গম্ভীরকে। হার্মিসন মনে করেন, শিরোপা জিততে না পারলেই বিদায় নিতে হবে তাকে।

হার্মিসন বলেন, ‘গম্ভীরকে পছন্দ করা একটু কঠিন। সে অত্যন্ত বদমেজাজি। কিন্তু ড্রেসিংরুমে তার আচরণ কেমন, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। একজন ভারতীয় কোচ হিসেবে আপনার যদি ইগো কম থাকে, সফল হওয়ার সম্ভাবনা বেশি। এই বিশ্বকাপ জিততে না পারলে তাকে বিদায় নিতে হবে। তবে তার কোচিং করানোর ধরনের জন্য আমি তাকে প্রশংসাও করি। খেলোয়াড় হিসেবেও সে ছিল জেদি এবং একরোখা।’

মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পরই ভারতের দায়িত্ব নেন গম্ভীর। সেই সময় কোচিং প্যানেলে তাঁর সঙ্গে কাজ করা অভিষেক নায়ার, রায়ান টেন ডেসকাট ও মরনে মরকেলকে যুক্ত করেছে। কলকাতা ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে তাদের সঙ্গে কাজ করায় বোঝাপড়াটা ভালো তাঁর। যদিও কয়েক মাসের ব্যবধানে অভিষেককে সরিয়ে দেয় ভারত। মরকেল, ডেসকাটদের নেওয়ায় প্রশংসা করেছেন হার্মিসন। তবে ইংল্যান্ডের সাবেক পেসার মনে করেন, ভুল করলে গম্ভীরকে সেটা স্বীকার করে নেওয়া উচিত।

হার্মিসন বলেন, ‘সে কোচিং স্টাফে ভারতের কিংবদন্তিদের না নিয়ে বরং মরনে মরকেল এবং রায়ান টেন ডেসকাটকে বেছে নিয়েছে। তাদের দল পরিচালনার জন্য সেরা কোচ মনে করেছে গম্ভীর। সে যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাদের প্রতি সে অনুগত। আমি তার এই গুণকে শ্রদ্ধা করি। তবে একজন ভালো কোচের বৈশিষ্ট্য হলো নিজের ভুল স্বীকার করা এবং তা সংশোধন করা। এ ছাড়া একজন ভালো কোচ আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে এই পদ্ধতি কাজ করছে না এবং এখানে পরিবর্তন করা দরকার। আমার মনে হয় এই জায়গাটায় গম্ভীর তেমন একটা দৃঢ় নয়।’

আরো পড়ুন: