বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছেন অভিষেক নিজেই। এই ইনিংসের পর ভারতীয় ওপেনারকে প্রশংসায় ভাসিয়েছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেছেন যুবারাজ সিংয়ের চেয়েও ভালো ব্যাট সুইং অভিষেকের।
অশ্বিন বলেন, 'মোহাম্মদ আমিরের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে তিনি অভিষেক শর্মাকে স্লগার বলেছেন। আমি শুধু একটি বিষয় পরিষ্কার করতে চাই। তার খেলা নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু সে স্লগার নয়। বর্তমান ক্রিকেটে তার ব্যাট সুইং সবচেয়ে ঈর্ষণীয়গুলোর বিষয়। আমরা সবাই জানি যুবরাজ সিং তার মেন্টর।'
অভিষেকের ভুল ধরিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, 'সম্ভবত তার ব্যাট সুইং যুবরাজের চেয়েও ভালো। এর চেয়ে ভালো ব্যাট সুইং হওয়া কঠিন। অভিষেক যখনই বল আঘাত করে, সেটি অনেক দূরে চলে যায়। তাই অনেকে তাকে স্লগার ভেবে ভুল করতে পারেন। তবে একটি জায়গায় অভিষেক ভুল করেছে, সে প্রায় প্রতিটি বলেই আক্রমণাত্মক মানসিকতা দেখাতে চেয়েছে।'
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের ব্যাটিং দেখে তিনি কিছুটা বিস্মিত হয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। কারণ এই ম্যাচে তাকে রক্ষণাত্মক শট খেলতেও দেখা গেছে। পেটের সমস্যায় ভুগে দলে ফেরার পর অভিষেক নিজের স্বাভাবিক ছন্দে ছিলেননা। জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ইনিংসে আবারও সেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গাভাস্কার বলেন, 'আমরা জানি অভিষেক শর্মা কতটা ভালো ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ রানের এই ইনিংস খেলেই সে সমালোচকদের জবাব দিয়েছে। ইনিংস শুরু করতে সে একটু সময় নিয়েছে। তার ব্যাটিংয়ে একটি পরিকল্পনা ছিল। অফ স্পিনারকে সম্মান দেখিয়েছে, অযথা ঝুঁকি নেয়নি এবং শান্ত ও সংযতভাবে ব্যাটিং করেছে। এই ম্যাচে তাকে একটি রক্ষণাত্মক শট খেলতেও দেখা গেছে। বল ডিফেন্ড করেছে। সাধারণত আমরা অভিষেককে এমন করতে দেখি না, তাই বিষয়টি আমাকে অবাক করেছে।'