রাতে অনুশীলনের সুযোগ দেয়া হয়নি, বড় অভিযোগ নামিবিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস
নামিবিয়ার অধিনায়ক ইরাসমাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফ্লাডলাইটে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই নামিবিয়ার। এমনকি নামিবিয়াতেও তাদের কোনো মাঠে নেই ফ্লাডলাইট। ফলে বিশ্বকাপে খেলতে এসে বড় বিপাকেই পড়েছে দেশটি। বিশেষ করে যে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ তারাই কেবল ফ্লাডলাইটে খেলার অভিজ্ঞতা পেয়েছেন।

নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে। দ্বিতীয় ম্যাচে তারা বিশ্বকাপের আয়োজক ভারতের বিপক্ষে মাঠে নামবে। এমন বড় ম্যাচের আগে রাতে অনুশীলনের সুযোগ না পাওয়ায় রীতিমতো আক্ষেপে পুড়ছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'নামিবিয়াতে আমাদের কোনো (মাঠে) ফ্লাডলাইট নেই। অবকাঠামোগত দিক থেকে এটা সম্ভবত আমাদের জন্য চ্যালেঞ্জিং। কাজেই এটা কোনো নৈমিত্তিক ব্যাপার নয় আমাদের জন্য। যারা নেপাল প্রিমিয়ার লিগ, আইএল টি-টোয়েন্টি আর বিশ্বকাপগুলোয় খেলেছে, তারা ছাড়া অন্যদের কৃত্রিম আলোয় অভ্যস্ত হওয়া ও অনুশীলন করার সুযোগ খুব একটা মেলে না।'

কানাডা ও ভারত রাতে অনুশীলনের সুযোগ পেয়েছে। তাই আক্ষেপটা বেশি ইরাসমাসের। এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই ২৭ জানুয়ারি সব দলকে অনুশীলনের সূচি জানানো হয়। সূচি পরিবর্তনের অনুরোধও বিবেচনায় নেয়া হয়েছে যথাসম্ভব। কিন্তু নামিবিয়ার অনুরোধ এসেছে আগের রাতে, যা পরিবর্তনের জন্য দেরি হয়ে গেছে।

ইরাসমাস আরও বলেন, 'এই ম্যাচের আগে আমাদেরকে রাতে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি। জানি না কেন! ভারতীয় দল দুটি অনুশীলন সেশন পেয়েছে রাতে এবং এখন দেখছি, কানাডা দলও রাতে অনুশীলন করছে। যাহোক, আপনারা এখান থেকে যা ইচ্ছা ধরে নিতে পারেন, আমরা স্রেফ মাঠে নামব ও নামিবিয়ান পথে চেষ্টা করে যাব, সেটা হলো লড়াই করা।'

এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর নামিবিয়ার প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামস বলেছিলেন, 'আমরা যা করতে পারি তা হলো একটি রাতের সেশনের পরিকল্পনা করা। আপনাদেরকে সত্যিটা বলছি, (কৃত্রিম) আলোয় খেলা আমাদের জন্য সবসময়ই কঠি, কারণ এই সুযোগ খুব বেশি পাই না আমরা। ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা এবং এটা যথেষ্টই কঠিন হবে। কাজেই যতটা ভালো সম্ভব প্রস্তুতি নিতে হবে আমাদের, ছেলেদেরকে ভালো মানসিক অবস্থায় রাখতে হবে।'

আরো পড়ুন: