বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

শ্রীলঙ্কা ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হয়েছে শ্রীলঙ্কার। তবে সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে ঘরের মাঠে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার। হাসারাঙ্গার বদলি হিসেবে সুযোগ পেতে পারেন দুশান হেমন্থ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয়ে বল হাতে অবদান রেখেছিলেন হাসারাঙ্গা। আইরিশদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি লেগ স্পিনার। সেই ম্যাচে বোলিং করার সময়ই চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে এমআরআই স্ক্যান করানো হয়েছে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হাসারাঙ্গার স্ক্যান রিপোর্ট ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় শ্রীলঙ্কার স্পিনারকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। চোট গুরুতর হওয়া চলমান বিশ্বকাপে খেলা হচ্ছে না হাসারাঙ্গার। যার ফলে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা।

হাসারাঙ্গার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ মিলতে পারে হেমন্থের। তিনিও লেগ স্পিনার। তবে হাসারাঙ্গার মতো ব্যাটিং দক্ষতা নেই হেমন্থের। এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা। এর আগে কাঁধের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইশান মালিঙ্গা। ডানহাতি পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান।

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে। পাল্লেকেলেতে হবে ম্যাচটি। একই মাঠে ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৯ ফেব্রুয়ারি ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আরো পড়ুন: