দুটি সুপার ওভারের ম্যাচে আফগানদের হারালো সাউথ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আহমেদাবাদে সাউথ আফ্রিকা–আফগানিস্তান ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর সমান হয় ১৮৭ রান। শেষ ওভারে কাগিসো রাবাদার দুই নো বল ও এক ওয়াইড, সঙ্গে নুর আহমেদের ছক্কা, সব মিলিয়ে সুযোগ তৈরি হলেও জয়ের জন্য প্রয়োজনীয় ১৩ রান তুলতে পারেনি আফগানিস্তান। চতুর্থ বলে রানআউটে তাদের ইনিংস শেষ হয় ১৮৭ রানেই। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

লক্ষ্য তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে দ্রুত শুরু পায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরানকে নিয়ে ২৬ বলে ৫১ রানের জুটি গড়েন তিনি। তবে এক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

গুরবাজ ৪২ বলে ৮৪ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৭টি ছক্কা। কেশভ মহারাজ তার ইনিংস থামান। দারউইশ রসুলি (১৫) ও মোহাম্মদ নবি (৫) সুবিধা করতে না পারায় ১৩৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ২২ ও রশিদ খান ১২ বলে ২০ রান করে দলকে লড়াইয়ে রাখেন। শেষদিকে নুর আহমেদের দুটি ছক্কায় সমতায় পৌঁছে যায় স্কোর। তবে জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সুপার ওভারে লুঙ্গি এনগিডির বলে আজমতউল্লাহ দুই চার ও এক ছক্কায় ১৭ রান তুলেন। জবাবে ফজলহক ফারুকির ওভারে সাউথ আফ্রিকা ১ উইকেটে ১৭ রান করে। ডেওয়াল্ড ব্রেভিস ছক্কা মেরে আউট হন, শেষ বলে ছক্কায় সমতা আনেন ট্রিস্টান স্টাবস। ম্যাচ যায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে স্টাবস একটি ছক্কা মারেন, ডেভিড মিলার যোগ করেন দুটি ছক্কা। সাউথ আফ্রিকা তোলে ২৩ রান। জবাবে কেশভ মহারাজের ওভারে আফগানিস্তান ২ উইকেটে ১৯ রান করে। চার রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই অধিনায়ক এইডেন মার্করামকে হারায়। তবে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের ৬১ বলে ১১৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ডি কক ৪১ বলে ৫৯ ও রিকেলটন ২৮ বলে ৬১ রান করেন।

শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ২০ অপরাজিত ও মার্কো জানসেন ৬ বলে ১৬ রান যোগ করে দলকে ৬ উইকেটে ১৮৭ রানে পৌঁছে দেন। এই জয়ে সাউথ আফ্রিকা টানা দ্বিতীয় জয় পায়, আর আফগানিস্তানের এটি টানা দ্বিতীয় হার।

আরো পড়ুন: