এপ্রিলে মাঠে গড়াচ্ছে তিন দলের নারী বিপিএল

নারী বিপিএল
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত নভেম্বরে অচিরেই নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের নিলামের দিন দেওয়া সেই আশ্বাস রেখেছেন বিসিবি সভাপতি। আগামী এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার নারী বিপিএল চালু করার ইঙ্গিত দিয়েছিলেন। নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে সেটা নিয়ে কয়েক দফায় আলোচনাও করেছিলেন তিনি। তবে ভারতের মতো করে বাস্তবে রূপ দিতে পারেননি পাপন। সভাপতি পরিবর্তনের পর আরও একবার নারী বিপিএলের আলাপ তুলেছিলেন ক্রিকেটাররা।

ছেলেদের ২০২৫ বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় ফারুক আহমেদের কাছে একই দাবি তুলেছিলেন জ্যোতি ও জাহানারা আলম। সেই সময় আশ্বাসও দিয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি। নাজমুল ফাহিম আবেদিন ফাহিম জানিয়েছিলেন, ছেলেদের বিপিএল শেষেই মেয়েদের তিন দলের টুর্নামেন্ট হবে। যদিও শেষ পর্যন্ত সেটা মাঠে গড়ায়নি।

গত বছরের নভেম্বরে একই ধরনের আশ্বাস দিয়েছিলেন বুলবুলও। বর্তমান সভাপতি অবশ্য নিজের কথা রেখেছেন। নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলার প্রচেষ্টায় আগামী ৩ থেকে ১৫ এপ্রিল প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল। টুর্নামেন্টের প্রথম আসরে তিনটি দল অংশ নেবে।

ছেলেদের বিপিএলে নিলাম হলেও মেয়েদের বিপিএলে ড্রাফট পদ্ধতির মাধ্যমে দল সাজানো হবে। স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি প্রতিটি দলে বিদেশি ক্রিকেটারও থাকবে। তবে প্রতিটি দল কতজন করে বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে সেটা এখনো জানায়নি বিসিবি। ফ্র্যাঞ্চাইজির নাম, ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, ভেন্যু ও সূচি পরবর্তীতে জানাবে বিসিবি।

আরো পড়ুন: