ভারতকে এককভাবে ফেভারিট মানতে নারাজ রাবাদা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাউথ আফ্রিকার জার্সিতে কাগিসো রাবাদা, এএফপি
সাউথ আফ্রিকার জার্সিতে কাগিসো রাবাদা, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সোমবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে সাউথ আফ্রিকা। এরপর বুধবার আফগানিস্তান ও শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। দিল্লিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ যাওয়ার আগেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে প্রোটিয়ারা সুপার এইটে যাচ্ছে কিনা।

সুপার এইটে গেলে তাদের মুখোমুখি হতে হবে ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজের। এবারের বিশ্বকাপে ভারতকেই অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। বিশেষ করে ভারত এই বিশ্বকাপের সহ-আয়োজক। এমনকি বিশ্বকাপের আগে টানা ৮ সিরিজ জিতে ফর্মের তুঙ্গে রয়েছে সূর্যকুমার যাদবের দল। তাই অনেকে ভারতকেই এগিয়ে রাখছেন।

যদিও কাগিসো রাবাদা ভিন্ন কিছু ভাবছেন। সাউথ আফ্রিকার এই তারকা পেসার বিশ্বকাপ শুরুর আগে জানিয়েছেন এই টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো ফেভারিট দল নেই। সবারই সুযোগ আছে বিশ্বকাপ জেতার। এমনকি ভারতের ব্যাটিং স্বর্গরাজ্যেও বোলারদের ভালো কিছু করার সুযোগ দেখছেন তিনি।

আহমেদাবাদে সংবাদ সম্মেলনে রাবাদা বলেন, 'এই টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট ফেভারিট আছে, এ কথা বলা যায় না। এটা পুরোপুরি উন্মুক্ত। যে কেউ জিততে পারে। আমরাও অবশ্যই নিজেদের দাবিটা তুলে ধরব। ভারতীয় দলে ঠিক কী হচ্ছে, আমি জানি না। তবে এই টুর্নামেন্ট পুরোপুরি খোলা।'

এর আগে তিনি কথা বলেন ভারতের উইকেট নিয়ে। ভারতের মাঠগুলো এতটাই ব্যাটিং-বান্ধব হয়ে উঠেছে যে, টুর্নামেন্ট শুরুর আগেই বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তবে রাবাদা মনে করেন আইসিসির টুর্নামেন্টে সব ম্যাচে বড় রান হয় না। তবে ভিন্ন ভিন্ন উইকেটে ভিন্ন ভিন্ন পরিস্থিতি থাকবে বলে আশাবাদী তিনি।

রাবাদা যোগ করেন, 'ভারতে ছোট মাঠ আছে, বল স্কিড করে আসে, আর শিশির পড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। কিন্তু আইসিসি ইভেন্টে আমার অভিজ্ঞতায় দেখেছি, সব ম্যাচই যে হাই-স্কোরিং হবে, এমন নয়। কিছু ভেন্যুতে সময়বিশেষে বড় রান হবে, কিন্তু সব উইকেট একই রকম হবে বলে আমি মনে করি না। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে মাঝেমধ্যে হলেও বোলারদের জন্য কিছু না কিছু থাকেই।'

আরো পড়ুন: