বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ‘এ’ গ্রুপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা উদ্বেগে ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের সিদ্ধান্ত ঘিরে টুর্নামেন্টের গ্রুপ পর্বে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরেছে এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, 'অংশ না নেয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে এসএলসির বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর আশঙ্কা।'
এসএলসি আরও স্মরণ করিয়ে দিয়েছে, অতীতে নিরাপত্তাজনিত কারণে যখন অনেক দেশ পাকিস্তানে সফর করতে অনাগ্রহী ছিল, তখন শ্রীলঙ্কাই সেখানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালু রাখতে ভূমিকা রেখেছিল। বোর্ডের ভাষায়, 'সংহতি জানাতে এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবিত করতে আমরা তখন সফর করেছিলাম।'
ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার আহ্বান জানিয়ে এসএলসি বলেছে, 'বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।'
এদিকে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। একই দিনে কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। গ্রুপ পর্বে ম্যাচ বয়কট হলেও নকআউট পর্বে ভারত–পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। সে ক্ষেত্রে সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।