কেউ কেউ ইচ্ছা করেই আইপিএল এড়িয়ে পিএসএলে নাম লেখান। সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী সেই পথেই হেঁটেছেন।ইংলিশ এই অলরাউন্ডার গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। এবার তিনি আইপিএলে নাম না লিখিয়ে পিএসএলে খেলার সিদ্ধান নেন।
কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার, তা নিয়ে আলোচনা ছিল বেশ কিছুদিন। অবশেষে নিজেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন আইপিএলের দৈর্ঘ্য এখন প্রায় দুইমাস। অন্যদিকে সেই তুলনায় পিএসএল স্বল্প সময়ের টুর্নামেন্ট। এটাই বেশি প্রাধান্য পেয়েছে মঈনের কাছে।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে মঈন বলেন, ‘কিছু কারণ আছে। এখন আমার বয়স ৩৮, আমি এখনও খেলতে চাই, ভালো করতে চাই এবং যতটা সম্ভব আমার ক্যারিয়ার দীর্ঘ করতে চাই। করাচি ছিল এখানে আসার সিদ্ধান্তে বড় একটি কারণ। এটি একটি ছোট টুর্নামেন্ট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।
আইপিএলের গত মৌসুমে কলকাতা মঈনকে দলে নেয় ২ কোটি রুপিতে। তবে গত মৌসুমে ৬টি ম্যাচ খেলেও ব্যাট হাতে তেমন সুযোগ পাননি, রান করেছেন মাত্র ৫। মইনের মতে, সুযোগ কম পাওয়া এবং টুর্নামেন্টের দৈর্ঘ্যই তাকে এবার আইপিএল থেকে দূরে রেখেছে।
তিনি যোগ করেন, ‘গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচ খেলেছি এবং ব্যাট করার সুযোগ পেয়েছি খুবই কম, মাত্র দুবার। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মাঠে থাকতে চাই, ব্যাট করতে চাই। মনে হচ্ছে ক্যারিয়ারের শেষ দিকে এসে আমি ভালো ক্রিকেট খেলছি, এবং আমি এটা চালিয়ে যেতে চাই।'