প্রয়োজনে টি-টোয়েন্টি থেকে বিরতি নেবেন পাকিস্তানের অধিনায়ক

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চলতি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) রান পাচ্ছেন না সালমান আঘা। এভাবে চলতে থাকলে টি-টোয়েন্টি থেকে বিরতি নিতে পারেন পাকিস্তানের অধিনায়ক। পিএসএল চলাকালীন সালমান নিজেই জানিয়েছেন, ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতে প্রয়োজনে টি-টোয়েন্টি থেকে বিরতি নেবেন তিনি।

সালমানের নেতৃত্বে সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি পাকিস্তান। গুঞ্জন ছিল বিশ্বকাপের পরই নেতৃত্ব হারাতে পারেন তিনি। যদিও এখনো পর্যন্ত তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের মতো পারফরম্যান্সের ভাটা পড়েছে সালমানেরও। ভারত ও শ্রীলঙ্কা হওয়া বিশ্বকাপে ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাটিং করে মাত্র ৬০ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

বিশ্বকাপের মতো চলতি পিএসএলেও রানের দেখা পাচ্ছে না সালমান। নিলাম থেকে তাকে চড়া দামে কিনে নেয় করাচি কিংস। তবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৬ ম্যাচে ৮৪ রান করেছেন তিনি। যেখানে একটি ম্যাচেই করেছেন ৬৫ রান। অর্থাৎ বাকি ৫ ম্যাচে সালমানের ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাকে।

টি-টোয়েন্টিতে ভালো না করলেও গত বাংলাদেশ সফরে সেঞ্চুরি করেছিলেন সালমান। পুরো সিরিজ জুড়েই দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। ২০২৭ বিশ্বকাপ এখনো অনেকটা দূরে। তবে সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য দল গোছাতে শুরু করেছে সবাই। সালমান জানালেন, তাদেরও ফোকাস সেদিকেই থাকবে।

পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘উদ্বেগ আছে। আমি ভাবতেছিলাম আমার বিশ্বকাপ ভালো যাচ্ছে না এবং আমার পিএসএলেও ভালো যাচ্ছে না। ২০২৭ বিশ্বকাপের এখনো অনেক দেরি আছে। যেমনটা বললাম আমরা ওইটাতে ফোকাস করব। এ বছর আমাদের টি-টোয়েন্টি খেলা নেই। ডিসেম্বর পর্যন্ত আমাদের টি-টোয়েন্টি ম্যাচ নেই।’

বর্তমানে পিএসএল খেলে ব্যস্ত সময় পার করছে পাকিস্তানের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবেন তারা। সালমান জানিয়েছেন, যদি তার মনে হয় বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়া প্রয়োজন তিনি সেটাই করবেন।

সালমান বলেন, ‘পিএসএলের পর অবশ্যই ওয়ানডে এবং টেস্ট ম্যাচে আমাদের ফোকাস থাকবে। আমি যদি মনে করি ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেওয়া প্রয়োজন অথবা আমি সেটাতে (টি-টোয়েন্টি) ফোকাস করতে চাই না তাহলে আমি অবশ্যই সেটা (বিরতি) করব।’

আরো পড়ুন: