বল হাতেও একটি উইকেট নিয়েছেন ফক্সক্রফট। এই ম্যাচের পর বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই এই অলরাউন্ডার। তিনি জানিয়েছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ তাদের কাজটা বেশ কঠিন করে দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ফক্সক্রফট বলেন,'আমি আগেই যেমনটা উল্লেখ করেছি, তাদের পেসাররা খুব ভালো এবং বেশ অভিজ্ঞও। আমি মনে করি শরিফুল, রানা এবং তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে মানসম্পন্ন বোলার এবং তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো।'
তিনি আরও যোগ করেন, 'তাদের পেস বিভাগ আজ দুর্দান্ত ছিল। তারা মাঝের ওভারগুলোতে এবং ডেথ ওভারে যেভাবে বল করেছে, তা আমাদের জন্য কাজটা বেশ কঠিন করে দিয়েছিল। বিশেষ করে নতুন বলে তারা একেবারে নিখুঁত ছিল।'
উপমহাদেশের উইকেটে বরাবরই স্পিন নিয়ে বাড়তি সতর্ক থাকতে হয়ে বাইরের দলগুলোর। নিউজিল্যান্ডও সেই প্রস্তুতি নিয়ে এসেছিল। তারা যে কোনো ধরনের উইকেটেই খেলতে প্রস্তুত ছিল। তবে বাংলাদেশ সম্প্রতি প্রতিযোগিতামূলক উইকেটে খেলছে।
কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও এমন উইকেটেই খেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের চেয়ে কিউইরাই বেশি সুবিধা পেয়েছে। দলটির বোলাররা দ্রুতই কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে দাবি ফ্লক্সক্রফটের। অনুশীলনেও এমন উইকেটেই অনুশীলন করেছেন বলে মানিয়ে নেয়া সহজ ছিল বলে ধারণা ফক্সক্রফটের।
তিনি বলেন, 'অনুশীলনের উইকেটগুলো বেশ ভালো ছিল এবং মূল উইকেটের মতোই ছিল। তাই আমাদের কাজ ছিল তারা যেমন উইকেটই দিক না কেন, তার সাথে নিজেদের মানিয়ে নেওয়া। আমরা কোনো অভিযোগ করতে পারি না। আমাদের ব্যাটিং ইউনিটের মধ্যে যোগাযোগ ঠিক রাখা এবং আমরা ওই উইকেটে কীভাবে খেলব সে বিষয়ে সবাই যাতে একমত থাকি তা নিশ্চিত করাই মূল কাজ।'