চলতি বছরের শুরুতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে রাজশাহী। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, রংপুরের মতো তারাও বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধত্ব করতে চান। এমনকি জিএসএলে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে নিজেদের আগ্রহের কথাও জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও রাজশাহীর আগ্রহকে আমলে নেয়নি গায়ানা। আগামী আসরে রাখা হয়নি বাংলাদেশের কোনো দলকে। ২৩ জুলাই পর্দা উঠবে জিএসএলের আগামী আসরের। টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে তারা। সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টির চ্যাম্পিয়ন সানরাইজার্স ইষ্টার্ন কেপকে আমন্ত্রণ জানালেও সেটাতে সাড়া দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও জিএসএলে খেলতে রাজি হয়েছে পাকিস্তানের পিএসএলের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স, সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টি ডেজার্ট ভাইপার্স ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস। তাদের সঙ্গে থাকছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
টুর্নামেন্টের পঞ্চম দল হিসেবে সান ফ্র্যান্সিসকোর নাম প্রকাশ করেছে আয়োজকরা। গায়ানার টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে। চলতি পিএসএলে লাহোরের সঙ্গে যুক্ত আছেন তারা দুজন। ওই সময় এনওসি পেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে দলে রাখতে পারে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়নরা।