বিভিন্ন দেশের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মাঠে গড়ালেও ২০১৪ সাল থেকে সেটা বন্ধ। সেটার আদলে ২০২৪ সালে গায়ানা আয়োজন করে গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানায় গায়ানা। পাঁচটি করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে দুইটি মৌসুমও পার করেছে তারা। টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স।
প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া নুরুল হাসান সোহানরা গত বছরও ফাইনাল খেলেছেন। বিপিএলের গত আসরে ফাইনালে উঠতে পারেনি রংপুর। চ্যাম্পিয়ন হতে না পারায় স্বাভাবিকভাবেই জিএসএলে সুযোগ থাকছে না তাদের। বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে জিএসএল খেলার অপেক্ষায় রাজশাহী। এখনো পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে টুর্নামেন্ট কমিটি। বিগ ব্যাশের পার্থ স্কচার্স, আইএল টি-টোয়েন্টির ডেজার্ট ভাইপার্স ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
চতুর্থ দল হিসেবে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের সানরাইজার্স ইষ্টার্ন কেপকে আমন্ত্রণ জানালেও তারা আগ্রহ দেখায়নি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিপিএলের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে জিএসএলে খেলতে নিজেদের আগ্রহের কথা বিসিবিকে জানানোর পাশাপাশি গায়ানাকেও ইমেইল করেছে রাজশাহী। যদিও এখনো পর্যন্ত সেই ইমেইলের জবাব পায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে হান্নান বলেন, ‘আমাদের পক্ষ থেকে যেভাবে যোগাযোগ করা বা আগ্রহ দেখানো দরকার সেটা আমরা করেছি। ই মেইলের মাধ্যমে আমরা আগ্রহ প্রকাশ করেছি। পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও জানিয়েছি। বাকিটা আমরা এখনো জানি না। তবে রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে আমাদের শতভাগ ইচ্ছে আছে জিএসএলে অংশ নেওয়ার।’
রাজশাহীর প্রধান কোচ বলেন, ‘জিএসএলের সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের যোগাযোগ করা প্রয়োজন সেটা আমরা করেছি। কিন্তু এখনো পর্যন্ত খুব সম্ভবত কোনো জবাব আসেনি আমাদের কাছে। আসলে স্বাভাবিকভাবেই হয়ত আমি জানতে পারব। তারপর হয়ত দল গোছানো শুরু করব।’
বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে খেলেছেন জিমি নিশাম, কেন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো, সাহিবজাদা ফারহান, সন্দীপ লামিচানে, রায়ান বার্ল ও মুহাম্মদ ওয়াসিমের মতো তারকা ক্রিকেটাররা। রাজশাহী জিএসএলে অংশ নিতে চায় এমন খবর শুনেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগাযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের এজেন্ট। তবে এখনো দল পাওয়া নিশ্চিত না হওয়ায় তাদের সঙ্গে কথা এগোতে পারছে না রাজশাহী।
হান্নান বলেন, ‘রাজশাহীতে খেলে গেছে এমন বিদেশি ক্রিকেটাররা ইতোমধ্যে জানে আমরা জিএসএল খেলার ব্যাপারে আগ্রহী। তাদের এজেন্টরা আমাকে নক করেছে যেহেতু খেলোয়াড়দের এজেন্টদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। স্বাভাবিকভাবেই এজেন্টরা আগ্রহের কথা জানিয়েছে, তার মধ্যে কিছু বড় নামও রয়েছে। তারা আমাকে জানিয়েছে ক্রিকেটাররা ওই ফ্রি থাকবে।’