আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কেবল আইপিএলেই নিয়মিত দেখা যায় ধোনিকে। অধিনায়ক হিসেবে দলকে পাঁচবার শিরোপা জেতানোর পর গত এক মৌসুমে তিনি খেলেছেন মূলত ব্যাটার হিসেবে। তবে নিচের দিকে নেমে দ্রুত রান তোলার দায়িত্বে তিনি খুব একটা কার্যকর হতে পারেননি।
জিওস্টারের ‘আইপিএল টুডে লাইভ’ অনুষ্ঠানে ডি ভিলিয়ার্স বলেন, 'সিএসকে একটি বড় ব্র্যান্ড, যা বহু বছর ধরে এমএস ধোনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দলটির কথা বললেই সবার আগে ধোনির নামই আসে। গত কয়েক বছরে আমার মনে হয়েছে, তার ভূমিকা ছিল এই ব্র্যান্ডটিকে ধরে রাখা।'
তিনি আরও যোগ করেন, 'এই কারণেই তার আট বা নয় নম্বরে ব্যাট করা এবং গত মৌসুমের মতো পারফরম্যান্স করা, এগুলোর কোনো মানে দেখি না।'
ধোনির ব্যাটিং পজিশন নিয়েও নিজের মতামত পরিষ্কার করেছেন ডি ভিলিয়ার্স। তার মতে, ধোনিকে আরও ওপরে ব্যাট করা উচিত, যাতে তিনি দলের জন্য কার্যকর অবদান রাখতে পারেন।
'আমরা জানি তিনি ব্যাট হাতে এখনও কার্যকর হতে পারেন। কিন্তু যদি এত নিচে ব্যাট করেন এবং অধিনায়কত্বও না করেন, তাহলে মনে হয় তিনি ভুল কারণে দলে জায়গা নিচ্ছেন। তার অন্তত ছয় নম্বরে, কখনও কখনও পাঁচ বা চার নম্বরেও ব্যাট করা উচিত।'
গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে দলে ভেড়ায় চেন্নাই। দলে আরও আছেন রুতুরাজ গায়কোয়াড়। ডি ভিলিয়ার্সের মতে, ভবিষ্যতে ধোনির জায়গা নেয়ার জন্য এই দুজনই হতে পারেন উপযুক্ত বিকল্প।