টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতার দিক থেকে ল্যাবুশেন খুব বেশি এগিয়ে নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হলেও ম্যাচ খেলেছেন মাত্র একটি। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে বিশ ওভারের ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র চারটি ম্যাচ, সবগুলোই ব্রিসবেন হিটের হয়ে।
ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট-টাইম বোলার হিসেবেও অবদান রাখতে পারেন ল্যাবুশেন। অফ-স্পিন ও মিডিয়াম পেস—দুই ধরনের বোলিংই করেন তিনি। এখন পর্যন্ত ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৪০টি উইকেট।
পিএসএলের দুই নতুন দলের একটি কিংসমেন শেষ দল হিসেবে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দলটিতে সম্ভাব্য অধিনায়ক হিসেবে অভিজ্ঞতার দিক থেকে খুব বেশি বিকল্প ছিল না, বিশেষ করে টি-টোয়েন্টি নেতৃত্বের ক্ষেত্রে।
দলে গ্লেন ম্যাক্সওয়েল, কুশাল পেরেরা ও সাইম আইয়ুবের মতো তারকা খেলোয়াড় থাকলেও, সরাসরি চুক্তিতে দলে যোগ দেওয়া ল্যাবুশেনই শেষ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন।
এবারের আসরে নেতৃত্ব পাওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি। এর আগে করাচি কিংসের অধিনায়ক করা হয়েছে ডেভিড ওয়ার্নারকে এবং মুলতান সুলতানসের দায়িত্ব পেয়েছেন অ্যাশটন টার্নার।
কিংসমেন দলে ল্যাবুশেন কাজ করবেন তার স্বদেশী জেসন গিলেস্পি-র অধীনে, যিনি দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অভিজ্ঞতা নতুন এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসন্ন পিএসএলের সূচনা হবে কিংসমেনের ম্যাচ দিয়েই। ২৬ মার্চ তারা মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের।