প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পেলেন হ্যাডিন

অস্ট্রেলিয়া ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেই বেশি পরিচিত ব্র্যাড হ্যাডিন। এবার শুরু করতে যাচ্ছেন নতুন অধ্যায়। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউ সাউথ ওয়েলস।

নিজ রাজ্যের দলটির সঙ্গে হ্যাডিনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় ১৫ বছর এই দলের হয়ে খেলেছেন তিনি। এখান থেকেই অস্ট্রেলিয়া জাতীয় দলে জায়গা করে নেয়া হ্যাডিন এবার কোচ হিসেবে দায়িত্ব পেলেন, যেখানে তার লক্ষ্য হবে দলের শেফিল্ড শিল্ড শিরোপা খরা কাটানো।

আগামী জুন থেকে শুরু হবে তার কোচিংয়ের মেয়াদ। প্রাক-মৌসুম প্রস্তুতির সময় থেকেই দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। এর আগে বিভিন্ন দলে সহকারী কোচ হিসেবে কাজ করলেও, এটি তার প্রথম পূর্ণকালীন প্রধান কোচের দায়িত্ব।

দায়িত্ব পাওয়ার পর হ্যাডিন বলেন, 'নিউ সাউথ ওয়েলস ক্রিকেট আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রধান কোচ হয়ে এখানে ফিরতে পারা আমার নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। ব্যাগি ব্লু মাথায় তুলতে পারা ছিল বিশেষ কিছু।'

তিনি আরও বলেন, 'এখনকার প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করে নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে চাই। এমন একটি দল গড়তে চাই, যার খেলার ধরন হবে স্বতন্ত্র এবং যেটা নিয়ে আমরা সবাই গর্ব করতে পারব।'

অস্ট্রেলিয়ার হয়ে ৬৬টি টেস্ট, ১২৬টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন হ্যাডিন। অ্যাডাম গিলক্রিস্টের সময় দলে জায়গা পেতে অপেক্ষা করতে হলেও, পরে নিজের পারফরম্যান্স দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নেতৃত্বও দেন। ২০১৫ সালে অবসর নেয়ার পর থেকে মূলত মিডিয়া ও কোচিংয়েই যুক্ত ছিলেন তিনি।

সহকারী কোচ হিসেবে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদে কাজ করেছেন হ্যাডিন। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলেও স্বল্প সময়ের জন্য একই দায়িত্ব পালন করেন তিনি।