আইপিএলে ‘সব ম্যাচই’ খেলবেন ৪৪ বছর বয়সী ধোনি

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসকে ঘিরে একটি প্রশ্ন ঘোরাফেরা করে, মহেন্দ্র সিং ধোনি কি পুরো মৌসুম খেলবেন? ৪৪ বছর বয়সী ধোনিকে ঘিরে এই প্রশ্ন আসাই স্বাভাবিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। উত্তরটাও মিলেছে দ্রুত। চেন্নাইয়ের হলুদ জার্সিতে এবার সবগুলো ম্যাচই খেলবেন ধোনি, এমনটা নিশ্চিত করেছে চেন্নাই কর্তৃপক্ষ।

আইপিএলের শুরুর মৌসুম থেকেই চেন্নাইয়ের জার্সিতে খেলছেন ধোনি। মাঝে দুই বছর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ থাকার সময়টা বাদ দিলে চেন্নাইয়ের হয়েই খেলেছেন পুরোটা সময়। ২০১৯ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেললেও আইপিএল খেলাটা চালিয়ে গেছেন তিনি। অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের হয়ে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার জিতেছেন আইপিএল শিরোপা। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশই বনে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

গত কয়েক মৌসুম ধরেই খেলোয়াড় ধোনির প্রয়োজন ফুরিয়েছে চেন্নাইতে। অন্তত চেন্নাই ধোনিকে যেভাবে ব্যবহার করছে তাতেই স্পষ্ট, ধোনিকে শুধু তারা ছায়া অধিনায়ক বা মেন্টর হিসেবে দলে পেতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। গত আইপিএলে বেশীরভাগ ম্যাচে ৭-৮-৯ নম্বর পজিশনগুলোতে খেলে ১৩ ইনিংসে ১৯৬ রান করেছিলেন ধোনি। স্ট্রাইক রেট ছিল ১৩৫.১৭।

তবুও এবছর ধোনিকে সব ম্যাচ খেলাতে চায় চেন্নাই। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন বলেন, 'সে (ধোনি) ম্যাচগুলো খেলবে, সব ম্যাচই খেলবে।'

ধোনিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলানো হবে নাকি মূল একাদশেই তিনি খেলবেন সেই প্রশ্নের জবাব অবশ্য বিশ্বনাথ দিতে পারেননি। তিনি বলেন, 'এটা তো আমি বলতে পারি না। এটা ক্রিকেটীয় সিদ্ধান্ত, ক্রিকেট স্টাফরাই এসব বলতে পারবেন, প্রশাসনিক কোনো কর্মকর্তার সিদ্ধান্তের ব্যাপার নয় এটি। সে ব্যাটার হিসেবে খেলবে নাকি কিপার-ব্যাটার নাকি ইমপ্যাক্ট প্লেয়ার, দলের স্টাফরাই ঠিক করবে।'

শুধুমাত্র আইপিএলে খেলার জন্যই নিজের ফিটনেস ও স্কিল নিয়ে নিজ শহর রাঁচিতে কাজ করছেন সব ধরণের আইসিসি শিরোপা জেতা বিশ্বের একমাত্র অধিনায়ক ধোনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন আইসিসির প্রতিনিধি হিসেবে আহমেদাবাদে দেখা গেছে ধোনিকে। মাঠে বসেই দেখেছেন নিজ দেশের বিশ্বকাপ জয়। আইপিএলের দামামা বেজে ওঠায় এবার সামনে আবারো খেলোয়াড় ধোনিকে চেন্নাইয়ের বিখ্যাত হলুদ জার্সিতে মাঠে দেখা যাবার পালা।

আরো পড়ুন: