অন্তত ২ ম্যাচ মিস করতে পারেন হ্যাজেলউড

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হয়নি ভারত ও শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। চোটে থেকে এখনো সেরে উঠতে না পারায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসারের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে কোডস্পোর্টস।

নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন হ্যাজেলউড। ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। অ্যাশেজের প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ডে খেলতে নেমেছিলেন ডানহাতি এই পেসার। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হ্যাজেলউড। যদিও আশা করা হচ্ছিল অ্যাশেজের আগেই সেরে উঠবেন তিনি।

পুনবার্সনের সময় অবশ্য নতুন করে একিলিসের চোটে পড়েন অস্ট্রেলিয়ান তারকা। সেই চোটে পুরো অ্যাশেজেই খেলতে পারেননি হ্যাজেলউড। বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। তবে বিশ্বকাপের আগেও সেরে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। যার ফলে ফেব্রুয়ারি-মার্চে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি।

কোডস্পোর্টস জানিয়েছে, এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি হ্যাজেলউড। এমন অবস্থায় অন্তত দুইটি ম্যাচ মিস করতে পারেন তিনি। ২৮ মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের আগামী আসরের। ‍উদ্বোধনী দিনে বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

হ্যাজেলউডকে না পাওয়া গেলে বিপাকে পড়তে পারে বেঙ্গালুরু। কারণ গত আসরে ফ্র্যাঞ্চাইজিটির প্রথমবার শিরোপা জেতার পেছনে বড় অবদান রেখেছিলেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার আরেক পেসার প্যাট কামিন্সও ইনজুরিতে পড়েছেন। সানরাইজার্সের অধিনায়ক কবে দলের সঙ্গে যোগ দেবেন সেটা এখনো নিশ্চিত নয়।

আরো পড়ুন: