সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন জাকের। এমন ব্যাটিংয়ের পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। জাকেরের পাশাপাশি টেস্ট দলে ফেরানো হয়েছে তাওহীদ হৃদয়কেও। জিম্বাবুয়ে সফরে অভিষেক হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ছিলেন না তিনি। তবে সাউথ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন হৃদয়।
দ্বিতীয় চার দিনের ম্যাচে ১০ ছক্কা ও ২৭ চারে ৪৮১ বলে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি ব্যাটার। এমন পারফরম্যান্সের পর তাকে টেস্ট দলে ফিরিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন অমিত হাসান। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপর্ণ ম্যাচের কথা ভেবে তাকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।
আফগানিস্তানের বিপক্ষে পেস ইউনিটে হাসান মাহমুদের সঙ্গে আছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ রানা। এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। সামনে গুরুত্বপূর্ণ খেলা থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি।
এদিকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে টেস্ট দলের সঙ্গে যাচ্ছেন অফ স্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইমন। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে একমাত্র টেস্টটি। তবে ম্যাচটি কোন ভেন্যুতে হবে সেটা এখনো নিশ্চিত করেছে আফগানিস্তান। টেস্ট শেষে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
ট্রাভেলিং রিজার্ভ— নাঈম হাসান, মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইমন