গত বুধবার একটি বিজ্ঞাপনী কাজে অংশ নেয়ার সময় ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন ২৬ বছর বয়সী রাচিন। সে সময় নিরাপত্তার জন্য রাখা একটি ম্যাটের ওপর ভুলভাবে পড়ে গিয়ে তার কাঁধের হাড় সরে যায়। তবে বড় ধরনের চোট থেকে রক্ষা পেয়েছেন এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ব্যবস্থাপক মাইক স্যান্ডেল জানিয়েছেন, ঘটনাটি ছিল পুরোপুরি অনাকাঙ্ক্ষিত, 'ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা রাচিনের জন্য খুবই ব্যথিত। আমাদের মূল লক্ষ্য এখন তাকে দ্রুত সুস্থ করে তোলা এবং কত দ্রুত তাকে খেলায় ফেরানো যায়, সেদিকে নজর দেয়া।'
চিকিৎসকদের পরীক্ষায় রাচিনের হাড় বা পেশিতে বড় কোনো ক্ষতি ধরা পড়েনি। তবে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এই সিরিজের পর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্টেও মুখোমুখি হবে।
বিজ্ঞাপনের শুটিংয়ের নিরাপত্তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন স্যান্ডেল, 'অন্যান্য সব বাণিজ্যিক শুটিংয়ের মতোই এটিও সব পক্ষের সম্মতিতে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই আয়োজন করা হয়েছিল। তবুও এটি একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। ভবিষ্যতে এই ধরনের শুটিং আয়োজনের ক্ষেত্রে আমাদের সতর্কতা ব্যবস্থা আরও জোরদার করা হবে।'
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন রাচিন। এখন পর্যন্ত ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিনারের সামনে রয়েছে ব্যস্ত সূচি। ভারতের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
রাচিনকে দ্রুত ফেরানোর ক্ষেত্রে তাই কোনো ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, 'আগামী ছয় মাসে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ রয়েছে। তাই এখনই তড়িঘড়ি করে রাচিনকে মাঠে ফেরানোর কোনো ঝুঁকি আমরা নেব না।'